মেহেরপুরের গাংনী উপজেলায় যৌথবাহিনী অভিযানে অস্ত্র-গুলিসহ গোলাম মোস্তফা ডাকু নামে অস্ত্র মামলার এক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার ডাকু স্থানীয়ভাবে বিএনপির রাজনীতিকে সম্পৃক্ত।
সোমবার (১ আগস্ট) ভোর সাড়ে ৪টায় র্যাব-১২ এর একটি দল ডাকুকে গ্রেপ্তার করে। একটি বিদেশি পিস্তল, তিনটি গুলি ও দুটি ম্যাগাজিন উদ্ধার করা হয়।
গ্রেপ্তার গোলাম মোস্তফা ডাকু গাংনী পৌরসভার ৫ নম্বর ওয়ার্ড চৌগাছা গ্রামের (ভিটাপাড়া) এলাকার বাসিন্দা। ডাকু আওয়ামী লীগ সরকারের আমলেও একাধিকবার গ্রেপ্তার হয়েছিলেন। তার বিরুদ্ধে অস্ত্র আইনে আরও মামলা রয়েছে বলে জানিয়েছ র্যাব।
র্যাব-১২ ক্রাইম প্রিভেনশন কোম্পানি-৩ এর কমান্ডার লেফটেন্যান্ট ওয়াহিদুজ্জামান জানান, গোলাম মোস্তফার কাছ থেকে একটি বিদেশি পিস্তল, তিনটি গুলি ও দুটি ম্যাগাজিন উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় অস্ত্র, বিস্ফোরক দ্রব্য, মাদক মামলা রয়েছে। এ ব্যাপারে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।
গাংনী থানার ওসি বানী ইসরাইল বলেন, গ্রেপ্তার আসামির বিরুদ্ধে অস্ত্র আইনে গাংনী থানায় আরও একটি মামলা করা হয়েছে। আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে পাঠানোর প্রস্তুতি চলছে।
মেহেরপুর জেলা বিএনপির সভাপতি জাভেদ মাসুদ মিল্টন বলেন, শুনেছি, আটক ডাকু একসময় বিএনপি করতেন। দলের সঙ্গে এখনও তা সম্পৃক্ততা থাকলে দল ব্যবস্থা নেবে।
