ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন গণঅধিকার পরিষদের সভাপতি ও সাবেক ডাকসু ভিপি নুরুল হক নুরের শারীরিক অবস্থার খোঁজ খবর নিয়েছেন নৌপরিবহন এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন।
সোমবার (১ সেপ্টেম্বর) সকাল ১০টায় ঢামেকে নুরের চিকিৎসা ও স্বাস্থ্যের বিষয়ে চিকিৎসকদের সঙ্গে কথা বলেন তিনি। নৌপরিবহন মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা কাজী আরিফ বিল্লাহ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন।
নৌপরিবহন উপদেষ্টা বলেন, ‘নুরুল হক নুরসহ আহতদেরকে উন্নত চিকিৎসার স্বার্থে প্রয়োজনীয় সকল ব্যবস্থা গ্রহণ করা হবে।’
এ সময় ঢাকা মেডিকেল কলেজের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান নৌপরিবহন উপদেষ্টাকে জানান, আহতদের চিকিৎসা কার্যক্রম পর্যবেক্ষণের জন্য একটি বিশেষায়িত মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। তাদের সর্বোচ্চ মানের উন্নত ও আধুনিক চিকিৎসা সেবা নিশ্চিত করতে সরকারের পক্ষ থেকে সার্বক্ষণিক মনিটরিং করা হচ্ছে।
নুরুল হক নুরের দ্রুত আরোগ্য কামনা করে নৌপরিবহন উপদেষ্টা এই ঘৃণ্য হামলার ঘটনায় গভীরভাবে দুঃখ প্রকাশ করেন। পাশাপাশি এ জঘন্য হামলায় জড়িতদের সরকারের পক্ষ থেকে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হবে মর্মেও তিনি আশ্বস্ত করেন।
