বাসচাপায় নারীর মৃত্যু, পালিয়েছে চালক

আপডেট : ০২ সেপ্টেম্বর ২০২৫, ১১:৪৫

নেত্রকোনার পূর্বধলায় বাসচাপায় এক নারীর মৃত্যু হয়েছে। এ ঘটনার পর ঘাতক বাসটি জব্দ করা হলেও পালিয়েছে চালক-হেলপার।

মঙ্গলবার (২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে শ্যামগঞ্জ-বিরিশিরি সড়কের উপজেলার বড় ইলাশপুর (চৌরাস্তা) এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বেলা সাড়ে ১১টার দিকে এ রিপোর্ট লেখা পর্যন্ত নিহত নারীর পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। তার পরনে বোরকা ছিল।

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, দুর্ঘটনাস্থলের মাত্র ১০০ গজ দূরেই একটি বাস কাউন্টার অবস্থিত। সেখানেই যাচ্ছিল বাসটি। পথে বড় ইলাশপুর চৌরাস্তা এলাকায় পথচারী এক নারীকে চাপা দেয় বাসটি। এর আগে সকালে ময়মনসিংহ থেকে বিরিশিরিগামী (ঢাকা মেট্রো চ-৮৮৪৩) যাত্রীবাহী বাসটি রওনা দেয়।

পূর্বধলা থানার ওসি মো. নুরুল আলম বলেন, নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। ঘাতক বাসটি জব্দ করে থানায় আনা হয়েছে। তবে দুর্ঘটনার পর বাসচালক ও হেলপার পালিয়ে গেছে। নিহত নারীর নাম-পরিচয় এখনও জানা যায়নি। এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

ইত্তেফাক/এপি