গাভী বিক্রি করে কিস্তিতে ব্যাটারিচালিত ভ্যান কিনেছিলেন শেরপুরের শ্রীবরদী উপজেলার সিংগবরুণা গ্রামের হতদরিদ্র জাকির হোসেন। সেই ভ্যানের চাকায় ঘুরতো জাকিরের জীবন-জীবিকা। কিন্তু একদিন মসজিদের বাইরে ভ্যান রেখে নামাজে যান তিনি। ফিরে এসে দেখেন, ৯৬ হাজার টাকার ভ্যানটি চুরি হয়ে গেছে; এরপর হাউমাউ করে কেঁদে ওঠেন তিনি।
বুধবার (৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় শেরপুরের শ্রীবরদী এলাকায় ঘটেছে এই হৃদয়বিদারক ঘটনা। স্থানীয় কর্ণঝোড়া বাজারের মসজিদে নামাজ পড়তে গিয়েছিলেন জাকির।
স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার ব্যাটারিচালিত ভ্যান নিয়ে বাড়ি থেকে বের হন। সন্ধ্যায় মাগরিবের নামাজের আজান হলে কর্ণঝোড়া বাজারের জামে মসজিদে নামাজ আদায় করতে যান। নামাজ শেষে ফিরে এসে দেখন তার ব্যাটারিচালিত ভ্যানটি চুরি হয়ে গেছে।
সিংগবরুণা গ্রামের মৃত চান মিয়ার ছেলে। এ ঘটনার পর বুধবার রাতেই জাকির হোসেন ও তার ব্যবহৃত ভ্যানটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে।
কর্ণঝোড়া জামে মসজিদ কমিটির সদস্য জিয়া বলেন, মাগরিবের নামাজ পড়ার পর এসে দেখে জাকির হোসেন কান্না করছেন। পরে জানতে পারলাম তার ভ্যানটি চুরি হয়েছে। ভ্যানের পেছনে একটি মোবাইল নাম্বার লেখা ছিলো। চক্রের লোকজন সেই নাম্বারে ফোন দিয়ে ২০ হাজার টাকা চেয়েছিলো। কিন্তু পরে আর কোনো যোগাযোগ করেনি।
বৃহস্পতিবার সকালে জাকির হোসেন ইত্তেফাককে বলেন, পরিবারের পাঁচ সদস্য নিয়ে চরম অভাব অনটনে দিন কাটছিলো। আয়—উপার্জনের অন্য কোনো মাধ্যম না থাকায় গাভী বিক্রির ৪০ হাজার টাকা নগদ পরিশোধ করে এবং কিস্তিতে গড়খোলা বাজার থেকে ৯৬ হাজার টাকা দিয়ে ব্যাটারিচালিত ভ্যানটি কিনেছিলাম। এটার ইনকাম দিয়েই কিস্তি পরিশোধের পাশাপাশি আমার সংসার চলছিলো। কিন্তু ভ্যানটি চুরি হওয়ায় আমার আয়—উপার্জন বন্ধ হয়ে গেল। এখনো কিস্তির প্রায় ১০ হাজার টাকা বাকি। সংসার চালাবো কিভাবে বুঝতে পারছি না।
তিনি আরও বলেন, বুধবার বিকালে সিংগবরুণা মোড় থেকে ২জন যাত্রী নিয়ে কর্ণঝোড়া বাজারে যাই। বাজারে পৌঁছার আগেই মাগরিবের নামাজের আজান দেয়। তাই জামাতের সঙ্গে নামাজ আদায় করতে যাত্রী নামিয়ে তাড়াহুড়ো করে মসজিদে যাই। নামাজ শেষে এসে দেখি ভ্যান নেই। অনেক খুঁজেও আর পাওয়া যায়নি।
শ্রীবরদী থানার ওসি মো. আনোয়ার জাহিদ বলেন, বিষয়টি জেনেছি। রাতেই পুলিশ পাঠিয়েছিলাম। তদন্ত চলছে।
উপজেলা নির্বাহী অফিসার শেখ জাবের আহমেদ বলেন, ব্যাটারিচালিত ভ্যান মালিক জাকির হোসেনকে সার্বিক সহযোগিতার চেষ্টা করবো।
