নির্বাচন বানচালের ষড়যন্ত্র হচ্ছে: দুদু

আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০২৫, ১৭:১৮

জাতীয় নির্বাচন বানচালের ষড়যন্ত্র হচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপি ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) জাতীয় প্রেসক্লাবে নার্সেস অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভা ও দোয়া মাহফিলে তিনি এ মন্তব্য করেন।

শামসুজ্জামান দুদু বলেন, দেশে নির্বাচন বানচালের ষড়যন্ত্র হচ্ছে। সেই ষড়যন্ত্রের উদ্যোক্তা আওয়ামী লীগ। একটি ভালো নির্বাচন হোক, আওয়ামী লীগ তা চায় না। যত বড় ষড়যন্ত্রই হোক, ফ্যাসিস্টরা যত টাকাই বিনিয়োগ করুক না কেন, নির্বাচন হতে হবে, এর কোনো বিকল্প নেই।

তিনি বলেন, দেশে বর্তমানে যে পরিস্থিতি বিরাজ করছে, সেই অবস্থায় অতীতে যারা দায়িত্ব পালন করেছে, তাদের আরও বেশি করে দায়িত্ব পালন করতে হবে। বিএনপি মনে করে ড. মুহাম্মদ ইউনূসের অধীনে আগামী ফেব্রুয়ারি মাসে জাতীয় নির্বাচন ঐতিহাসিকভাবে সম্পন্ন হবে। কারণ ড. ইউনূস নিজেই জাতির কাছে কথা দিয়েছেন, তিনি একটি ঐতিহাসিক জাতীয় নির্বাচন অনুষ্ঠিত করবেন। গত তিনটি নির্বাচনে শেখ হাসিনা আত্মসাৎ ও লুট করেছেন এবং গণতন্ত্র ধ্বংস করেছেন। সেই ধ্বংসস্তূপের ওপর গণতন্ত্রের পতাকা ওড়ানোর যে দায়িত্ব বর্তমান সরকারের, বিএনপি সেই সরকারকে সমর্থন জানিয়ে।

দুদু বলেন, কেউ কেউ নির্বাচন ঠেকানোর চেষ্টা করছে, যাতে বিএনপি ক্ষমতায় না আসে। যাতে তারেক রহমান প্রধানমন্ত্রী হতে না পারেন। এজন্য নির্বাচন বন্ধ করতে চায়। দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায়। জাতীয় পার্টির অফিসের সামনে ভিপি নুরকে (নুরুল হক নুর) পিটিয়েছে, জাগপার সভাপতি খন্দকার লুৎফর রহমানকে কুপিয়েছে, এর একমাত্র কারণ আগামী নির্বাচনকে বানচাল করা। কিন্তু এসব করে কোনো লাভ হবে না। জনগণ যদি আবার জেগে ওঠে তাহলে এসব আঘাতকারীদের রেহাই হবে না।

আয়োজক সংগঠনের সভাপতি জাহানারা খাতুনের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন-বিএফইউজে মহাসচিব কাদের গনি চৌধুরী, বিএনপির নির্বাহী কমিটির সদস্য আব্দুস সাত্তার পাটোয়ারী প্রমুখ।

ইত্তেফাক/কেএইচ