রূপগঞ্জে ডিবি সেজে ইউপি চেয়ারম্যান অপহরণ, ঢাকায় উদ্ধার

আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০২৫, ১৭:৩৬

নারায়ণগঞ্জের রূপগঞ্জে ডিবি পুলিশের পরিচয়ে অপহৃত গোলাকান্দাইল ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নাসির মিয়াকে (৪২) উদ্ধার করেছে পুলিশ। 

বুধবার (৩ সেপ্টেম্বর) রাতে ঢাকার পোস্তগোলা এলাকা থেকে তাকে উদ্ধার করা হয়। এ ঘটনায় জড়িত সন্দেহে জহির মিয়া (৩২) নামের এক যুবককে গ্রেফতার করা হয়েছে। তার বাড়ি বরগুনা জেলার বামনা উপজেলার ফুলতলী গ্রামে।

রূপগঞ্জ থানা সূত্রে জানা গেছে, বুধবার দুপুরে ভুলতা গাউছিয়া আজিজ সুপার মার্কেটের সামনে থেকে সাদা মাইক্রোবাসে করে অস্ত্রের মুখে ইউপি চেয়ারম্যান নাসির মিয়া ও তার গাড়িচালক আশিককে অপহরণ করে একদল দুর্বৃত্ত। নিজেদের ডিবি পুলিশ পরিচয় দিয়ে অপহরণকারীরা তাদের চোখ বেঁধে অজ্ঞাত স্থানে নিয়ে যায় এবং নাসির মিয়ার কাছে ৫০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। টাকা দিতে অস্বীকার করায় অপহরণকারীরা তাকে শারীরিকভাবে নির্যাতন করে এবং হত্যার হুমকি দেয়।

পরে গোপন সংবাদের ভিত্তিতে রূপগঞ্জ থানা পুলিশ আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তায় অভিযান চালিয়ে নাসির মিয়াকে উদ্ধার করে এবং অভিযুক্ত জহির মিয়াকে ঘটনাস্থল থেকে গ্রেফতার করে। অপহরণকারী দলের অন্যান্য সদস্যরা পালিয়ে যায়।

রূপগঞ্জ থানা ওসি মোহাম্মদ তরিকুল ইসলাম বলেন, আধুনিক তথ্য প্রযুক্তি ব্যবহার করে অভিযান চালিয়ে ইউপি চেয়ারম্যান নাসির মিয়াকে উদ্ধার করা হয়। ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে আটককৃত জহির মিয়াকে নারায়ণগঞ্জ আদালতে প্রেরণ করা হয়েছে। 

উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে নাসির মিয়া গোলাকান্দাইল ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। তিনি উপজেলার গোলাকান্দাইল নতুন বাজার এলাকার বাসিন্দা ও আব্দুল আউয়ালের ছেলে।

ইত্তেফাক/এএইচপি