কুমিল্লার মনোহরগঞ্জে সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে ইয়াবাসহ পাঁচজন মাদক কারবারিকে আটক করা হয়েছে। গত ৪৮ ঘণ্টায় উপজেলার বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন উপজেলা আর্মি ক্যাম্পের কমান্ডার ক্যাপ্টেন তাহমিদ বিন ফারুক।
সেনা ক্যাম্প সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে গত ৪ সেপ্টেম্বর বিকেলে হাসনাবাদ ইউনিয়নের হাসনাবাদ পূর্ববাজার এলাকা থেকে ৩৫ পিস ইয়াবাসহ রবিউল আউয়াল রনি (২৯) কে আটক করা হয়। তিনি হাসনাবাদ গ্রামের বাসিন্দা এবং মৃত রফিকুল ইসলামের ছেলে।
একই দিন রাত ১০টার দিকে বাইশগাঁও ইউনিয়নের শাকতলা বাজার এলাকা থেকে ১০০ পিস ইয়াবাসহ রমজান আলী (২৮) কে আটক করা হয়। তিনি নোয়াখালী জেলার চাটখিল থানার নোয়াপাড়া গ্রামের মৃত হারুনুর রশিদের ছেলে।
এর আগে, ৩ সেপ্টেম্বর রাত ৯টার দিকে শান্তির বাজার এলাকা থেকে ৪০ পিস ইয়াবাসহ মজিদ হোসাইন নামে একজন মাদক কারবারিকে আটক করা হয়। তিনি বাদুয়াপাড়া গ্রামের বাসিন্দা এবং লুৎফুর রহমানের ছেলে।
পরে রাত আনুমানিক দেড়টার দিকে হাসনাবাদ উত্তর বাজার এলাকায় অভিযান চালিয়ে আরও দুইজন মাদক কারবারিকে আটক করা হয়। তারা হলেন- ফারুক হোসেন (৪০) ও তার ছেলে জাহিদ হোসেন (২০)। ফারুকের কাছ থেকে ৩০ পিস এবং জাহিদের কাছ থেকে ২০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। তারা নোয়াখালী জেলার সোনাইমুড়ী উপজেলার জয়াগ ইউনিয়নের জয়াগ গ্রামের বাসিন্দা এবং ইসমাইল হোসেনের পরিবারভুক্ত।
অভিযান শেষে আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করে তাদের মনোহরগঞ্জ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয় বলে জানান মনোহরগঞ্জ উপজেলা আর্মি ক্যাম্প কমান্ডার।
এ বিষয়ে মনোহরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) বিপুল চন্দ্র দে বলেন, আটক পাঁচজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে চারটি পৃথক মামলা দায়ের করা হয়েছে। গ্রেফতারকৃতদের কুমিল্লার আদালতে সোপর্দ করা হয়েছে।
