শায়েস্তাগঞ্জ রেল পুলিশের ৪ সদস্যসহ ৭ জনের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলা

আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০২৫, ১৮:১৭

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ রেলওয়ে পুলিশ ফাঁড়ির চার পুলিশ সদস্যসহ মোট সাতজনের বিরুদ্ধে যাত্রী হয়রানি ও মারধরের অভিযোগে দ্রুত বিচার আইনে মামলা দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) মামলাটি দায়ের করেন হবিগঞ্জ সদর উপজেলার বড় বহুলা গ্রামের বাসিন্দা মোঃ মশিউর রহমান জুয়েল। তিনি হবিগঞ্জ চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে প্রসেস সার্ভার হিসেবে কর্মরত।

দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক মোঃ কামরুল হাসান মামলাটি এফআইআর হিসেবে গ্রহণ করে শায়েস্তাগঞ্জ থানাকে তদন্তের নির্দেশ দিয়েছেন।

মামলায় অভিযুক্তরা হলেন- শায়েস্তাগঞ্জ রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মোঃ সাজিদুল ইসলাম সোহাগ, নায়েক আরিফুল ইসলাম, কনস্টেবল রবি দাস, টিএসআই শাহজালাল, পুলিশের কথিত দালাল চক্রের সদস্য শাহ আলম (মহলুল সুনাম গ্রাম), রাজু মিয়া, ও রেলওয়ে কলোনি এলাকার পলাশ মিয়া।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ১৯ আগস্ট, মশিউর রহমান জুয়েল ঢাকা যাওয়ার উদ্দেশ্যে শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশন স্টেশনে আসেন। সিলেট থেকে ঢাকাগামী উপবন এক্সপ্রেস ট্রেনটি সেদিন রাত ১টার দিকে আসার কথা থাকলেও বিলম্ব হয়। এই সময় জুয়েল ২ নম্বর প্ল্যাটফর্মে হাঁটাহাঁটি করছিলেন। এসময় হঠাৎ করে রেলওয়ে ফাঁড়ির চার পুলিশ সদস্য ও তাদের সহযোগী তিনজন দালাল জুয়েলকে ঘিরে ধরে মারধর ও হেনস্তা করে। অভিযোগ রয়েছে, তারা জুয়েলের কাছ থেকে মানিব্যাগ ও মোবাইল ফোন কেড়ে নেয়। চিৎকার করলে তাকে জোরপূর্বক ফাঁড়িতে নিয়ে গিয়ে আবারও শারীরিকভাবে লাঞ্ছিত করা হয়।

স্থানীয়রা জুয়েলের চিৎকার শুনে স্টেশনে উপস্থিত হয়ে ভিড় জমায়। তখন পুলিশ জনতার সামনে দাবি করে, জুয়েলের কাছ থেকে পকেট গাঁজা ও ইয়াবা উদ্ধার করা হয়েছে। স্থানীয়দের অভিযোগ, পুলিশ জুয়েলকে ফাঁসানোর চেষ্টা করে। জনতার চাপে পড়ে পরে জুয়েলকে স্থানীয়রা উদ্ধার করে নিয়ে যান।

অভিযোগ রয়েছে, ফাঁড়ির ইনচার্জ এসআই সাজিদুল ইসলাম সোহাগ যোগদানের পর থেকে বিভিন্ন দুর্নীতি ও অনিয়মের ঘটনা ঘটছে, কিন্তু ভয়ে কেউ মুখ খুলতে সাহস করে না। স্থানীয়দের অনেকেই উপজেলা নির্বাহী কর্মকর্তা ও থানার অফিসার ইনচার্জের কাছে মৌখিকভাবে এসব অভিযোগ করেছেন।

ঘটনার পর পুলিশ ফাঁড়ির এই আচরণ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনা ও সমালোচনা হয়। ঘটনার ভিডিও ও ছবি ভাইরাল হয়, যা জনমনে ব্যাপক ক্ষোভ সৃষ্টি করে।

ইত্তেফাক/এএইচপি