আনোয়ারায় হাতির জন্য দেওয়া ফাঁদে যুবকের মৃত্যু 

আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০২৫, ২১:২০

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় হাতির আক্রমণ থেকে ধান ক্ষেত রক্ষায় দেওয়া বৈদ্যুতিক ফাঁদে জাহেদ খান (১৮) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আমির খান (২০) ও মেহেরুন্নেসা বাহান্নী (৩৫) নামের আরও দুইজন আহত হয়েছে।

সোমবার (৯ সেপ্টেম্বর) বিকেল ৪টায় উপজেলার বৈরাগ ইউনিয়নের খান বাড়ি পাহাড়ের এক্কুদ্দা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

জানা যায়, নিহত জাহেদ খান উপজেলার বৈরাগ ইউনিয়নের খান বাড়ির আব্দুল হাফেজের ছেলে। ৪ ভাই এক বোনের মধ্যে জাহেদ সবার ছোট। 

এ বিষয়ে ঘটনার প্রত্যক্ষদর্শী নিহতের খালাতো ভাই শাকিল জানান, ‘প্রতিদিনের মত আমার ভাই গরু দেখবালের জন্য বিলে আসে। এ সময় সে স্থানীয় জাফর মাস্টারের ছেলের লাগানো হাতির জন্য দেওয়া বৈদ্যুতিক ফাঁদে বিদ্যুৎস্পৃষ্ট হয়। এ সময় তাকে উদ্ধার করতে গিয়ে আরও দুইজন আহত হয়। সাথে সাথে তাকে উদ্ধার আনোয়ারা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

অভিযোগের বিষয়টি অস্বীকার করে জাফর মাস্টারের এক ছেলে মাসুদ বিন জাফর বলেন, ওই জায়গাটিতে আরও কয়েকজনের বৈদ্যুতিক ফাঁদ আছে। কাদের ফাঁদে আঁটকে ছেলেটির মৃত্যু হয়েছে সেটা নিশ্চিত নই। 

হাতির জন্য এ ধরণের ফাঁদ দণ্ডনীয় অপরাধ জানিয়ে বন বিভাগের বাঁশখালী জলদি রেঞ্জ কর্মকর্তা আনিসুজ্জামান শেখ বলেন, ‘হাতির আক্রমণ থেকে রক্ষার্থে এই ধরনের ফাঁদ ব্যবহার করা দণ্ডনীয় অপরাধ। এ ধরণের কোনো অভিযোগ পাওয়া গেলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।’

ইত্তেফাক/কেএইচ