মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় ধানক্ষেত থেকে লিটন মিয়া (২৭) নামে এক যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকালে উপজেলার পতনঊষার ইউনিয়নের পশ্চিম নন্দগ্রাম এলাকার একটি মসজিদের পাশের খেত থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত লিটন মিয়া ওই গ্রামের সত্তার মিয়ার ছেলে।
স্থানীয়রা জানান, মঙ্গলবার সকালে স্থানীয় লোকজন মসজিদের পাশে লিটন মিয়ার জবাই করা লাশ দেখতে পান। পরে শমশেরনগর ফাঁড়ি পুলিশকে বিষয়টি জানানো হলে তারা এসে লাশ উদ্ধার করে। নিহত লিটনের সাথে এলাকার কিছু মানুষের সমস্যা রয়েছে।
নিহতের বাবা সত্তার মিয়া অভিযোগ করে বলেন, নিহত লিটনের বাবা সত্তার মিয়া জানান, পূর্ববিরোধের জের ধরে শামীমসহ এলাকার প্রতিপক্ষের লোকজন পরিকল্পিতভাবে আমার ছেলেকে গলাকেটে হত্যা করেছে।
এ বিষয়ে পতনঊষার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অলি আহমদ খান বলেন, ঘটনাটি শুনে সরেজমিনে এসে দেখেছি। লাশ উদ্ধার করা হয়েছে। হত্যার বিষয়ে পুলিশ তদন্ত শুরু করেছে। আশাকরি প্রকৃত ঘটনা উদঘাটন হবে।
এ ব্যাপারে শমশেরনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ ওবায়দুল হক বিষয়টি নিশ্চিত করে বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালে পাঠানো হচ্ছে। তবে কি কারণে হত্যা করা হয়েছে এ বিষয় জানা যায়নি। নিহতের পরিবার থানায় এখনও কোন অভিযোগ দায়ের করেনি। তদন্ত চলছে।
