বিকেল ৩টার মধ্যেই ৭০% ভোটগ্রহণ সম্পন্ন: ঢাবি উপাচার্য

আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০২৫, ১৫:৫৪

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ খান জানিয়েছেন, ডাকসু নির্বাচনে বিকেল ৩টার মধ্যেই বিভিন্ন কেন্দ্রে ৭০ শতাংশের বেশি ভোট পড়েছে।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) বিকেলে সিনেট ভবনের কেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি বলেন, এবারের নির্বাচনে কোনো ধরনের স্বচ্ছতার ঘাটতি ছিল না। “নির্ধারিত সময় বিকেল ৪টার পরেও যেসব শিক্ষার্থী লাইনে থাকবেন, তাঁদের ভোট নেওয়া হবে,” যোগ করেন তিনি।

উপাচার্য আরও বলেন, “কার্জন হলে ভুলক্রমে একটি ছোট সমস্যা হয়েছিল। এজন্য আমরা সঙ্গে সঙ্গে ব্যবস্থা নিয়েছি। এরপরও তদন্ত করে দেখা হবে কেউ জড়িত ছিল কি না।” তিনি জানান, ওই ঘটনায় একজন ভোটারকে দুটি ব্যালট দেওয়ায় পোলিং অফিসারকে প্রত্যাহার করা হয়েছে।

এছাড়া টিএসসি কেন্দ্রে একজন ভোটারকে আগে থেকেই ‘ক্রস চিহ্ন’ দেওয়া ব্যালট দেওয়ার অভিযোগের বিষয়েও ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানান উপাচার্য।

ডাকসু নির্বাচনকে দেশের জন্য গুরুত্বপূর্ণ দাবি আখ্যা দিয়ে উপাচার্য বলেন, “আমরা আশা করছি, ফলাফল যেভাবেই আসুক, সবাই তা মেনে নেবেন। কোথাও কোনো স্বচ্ছতার ঘাটতি নেই।”

এদিকে, দুপুর আড়াইটার দিকে সিনেট ভবনের কেন্দ্র পরিদর্শনে গিয়ে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক সায়মা হক বিদিশা বলেন, “শিক্ষার্থীরা আনন্দঘন পরিবেশে ভোট দিতে পারছে। এখনো ভোট চলছে, আশা করছি উল্লেখযোগ্য ভোট পড়বে।”

ইত্তেফাক/এএম