ব্রাহ্মণবাড়িয়ায় ওসির ফেসবুক আইডি হ্যাক করে ডাকসু নির্বাচন নিয়ে পোস্ট, থানায় জিডি

আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০২৫, ১৭:৪০

ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোজাফফর হোসেনের ব্যক্তিগত ফেসবুক আইডি হ্যাক করে ডাকসু নির্বাচন সংক্রান্ত একটি পোস্ট দেওয়ার ঘটনা ঘটে। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) তিনি থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

ওসি মোজাফফর হোসেন জানান, “কে বা কারা উদ্দেশ্যপ্রণোদিতভাবে আমার ফেসবুক আইডি হ্যাক করে একটি রাজনৈতিক পোস্ট দিয়েছে। পোস্টে বেগুনি ব্যাকগ্রাউন্ডে ‘শুভ কামনা ২১, ১৭, ০৮’ লেখা ছিল। পরে আমি আমার আইডিতে ঢুকে পোস্টটি আর দেখতে পাইনি।”

তিনি আরও বলেন, সরকারি অফিসিয়াল আইডি থেকে এমন কোনো পোস্ট দেওয়া হয়নি এবং বিভ্রান্তিকর তথ্য প্রচার করা হচ্ছে। ব্যক্তিগত আইডি বছরের ২–৩ বার ছাড়া দেখা হয় না। সর্বশেষ জুন মাসে তিনি নিজের আইডিতে পোস্ট দিয়েছিলেন।

ওসি মোজাফফর হোসেন সতর্ক করেছেন, সবাইকে নিজের ফেসবুক আইডি নিরাপদ রাখার বিষয়ে সচেতন থাকতে হবে।

ইত্তেফাক/এএম