ডাকসু নির্বাচন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের আশপাশের এলাকায় জনতার ভিড়

আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০২৫, ১৮:১৫

উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনের ভোটগ্রহণ মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) শেষ হয়েছে। ভোটগ্রহণের সঙ্গে সঙ্গে শিক্ষার্থী ও বিভিন্ন প্যানেলের নেতাকর্মীরা সিনেট ভবনের সামনে অবস্থান নিয়েছেন।

ঢাবির প্রবেশমুখ ও আশপাশের এলাকায় মানুষের উপস্থিতি ক্রমশ বেড়ে চলছে। গণতন্ত্র ও মুক্তি তোরণে ২০০–৩৫০ জন, বকশিবাজার মোড়ে অন্তত দুই শতাধিক এবং পলাশী মোড়েও কয়েকশত মানুষ জড়ো হয়েছেন। কেউ দলবদ্ধভাবে, কেউবা নীরবে অবস্থান করছেন।

নিরাপত্তা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিশ্ববিদ্যালয় এলাকায় পর্যাপ্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। ক্যাম্পাসের ভেতরও পুলিশের উপস্থিতি বেড়েছে, পাশাপাশি বিজিবি, র‍্যাব ও ডিবির সদস্যরাও দায়িত্বে রয়েছেন।

নির্বাচনে ডাকসুর ২৮টি পদে মোট ৪৭১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন, যার মধ্যে নারী প্রার্থী ৬২ জন। সহ-সভাপতি পদে ৪৫ জন, সাধারণ সম্পাদক পদে ১৯ জন এবং সহ-সাধারণ সম্পাদক পদে ২৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

ইত্তেফাক/এএম