দেশীয় অস্ত্র হাতে প্রবেশের চেষ্টা, বিজিবির ধাওয়ায় খালে ঝাঁপিয়ে পালালো পাচারকারী

আপডেট : ১০ সেপ্টেম্বর ২০২৫, ১৩:২৭

কক্সবাজারের উখিয়ায় বালুখালী এলাকায় অভিযান চালিয়ে ২ লাখ ৮০ হাজার পিস ইয়াবা উদ্ধার বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এসব ইয়াবা নিয়ে ১০ থেকে ১২ জন মাদক পাচারকারী দেশীয় অস্ত্র ও লাঠিসোঁটা হাতে বাংলাদেশ সীমান্তে প্রবেশের চেষ্টা করে। তবে মাত্র ৪ জন বিজিবি সদস্যের প্রতিরোধের মুখে খালে ঝঁপিয়ে মিয়ানমারের দিকে পালিয়ে যায় তারা। 

বুধবার (১০ সেপ্টেম্বর) সকালে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এর আগে মঙ্গলবার গভীর রাতে উখিয়ার বালুখালী সীমান্ত এলাকা থেকে এসব ইয়াবা উদ্ধার করা হয়।

বিজিবি সূত্রে জানা যায়, মঙ্গলবার রাত ৮টার দিকে উখিয়ার বালুখালী বিজিবির একটি বিশেষ টহলদল সীমান্ত পিলার সংলগ্ন এলাকায় অবস্থান নেন। রাত সাড়ে ৯টার সময় মিয়ানমার দিক থেকে ১০-১২ জন সন্দেহভাজন ব্যক্তি বাংলাদেশের ভেতরে প্রবেশ করলে বিজিবি সদস্যরা (৪ জন বিজিবি সদস্য) তাদের চ্যালেঞ্জ করে। চোরাকারবারীদের ভিতরে ৬/৭ জন চিহ্নিত চোরাকারবারিকে শনাক্ত করে বিজিবি। এসময় দেশীয় অস্ত্র ও লাঠিসোটা প্রদর্শন করে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশের চেষ্টা করে। উপস্থিত বিজিবি সদস্যরা সাহসের সঙ্গে তাদের মোকাবেলা করে এবং চাপের মুখে তারা খালে ঝাঁপিয়ে পড়ে ও খাল সাঁতরে মায়ানমারের দিকে চলে যায়।

পরে তল্লাশি চালিয়ে খালের পাড়ে সাদা পলিথিনে মোড়ানো দুটি প্যাকেট উদ্ধার করা হয়। যার ভেতরে নীল রঙের বায়ুরোধী ২৮ কাটে মোট ২ লাখ ৮০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়।

উখিয়া ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ জসীম উদ্দিন বলেন, পালিয়ে যাওয়া মাদক চোরাকারবারিদের শনাক্ত করা হয়েছে এবং গ্রেপ্তারের জন্য গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে।

ইত্তেফাক/এপি