সাভারে একটি নির্মাণাধীন বাড়ির সেফটি ট্যাঙ্ক আগুন দিয়ে পরীক্ষা করতে গিয়ে অগ্নিদগ্ধ হয়েছে চার নির্মাণ শ্রমিক। এ সময় তাদেরকে উদ্ধার করে স্থানীয় জামাল ক্লিনিকে ভর্তি করা হয়েছে। শনিবার দুপুরে উপজেলার হেমায়েতপুর জয়নাবাড়ি মহল্লার দুলাল মিয়ার বাড়িতে এ বিস্ফোরণের ঘটনা ঘটে।
আহতদের মধ্যে প্রাথমিকভাবে তিন শ্রমিকের নাম পাওয়া গেছে। তারা হলেন খোরশেদ মিয়া (৩৫), দুলু মিয়া (৪৫) ও রাব্বি মিয়া (১৮)।
সাভার চামড়া শিল্প নগীর পুলিশ ফাঁড়ির ইনচার্জ এমারত হোসেন জানান, শনিবার দুপুরে জয়নাবাড়ি মহল্লার দুলাল মিয়ার নির্মাণাধিন ভবনে কাজ করছিলো কয়েকজন নির্মাণ শ্রমিক। এ সময় ভবনটির জন্য বানানো সেফটি ট্যাঙ্কের ঢাকনা খুলে ভিতরে গ্যাস আছে কিনা তার পরীক্ষা করছিলো দুলু মিয়া, খোরশেদ মিয়া ও রাবি মিয়া। এক পর্যায়ে দিয়াশলাইয়ের কাঠিতে আগুন ধরানোর সঙ্গে সঙ্গে ভিতরে তৈরি হওয়া গ্যাসের মধ্যে আগুন লেগে যায় এবং ট্যাঙ্কিটি বিকট শব্দে বিস্ফোরিত হয়।
আরও পড়ুন: গাংনীতে স্ত্রীকে হত্যার পর স্বামীর আত্মহত্যা
এতে উপরে থাকা আরও কয়েকজন শ্রমিক আহত হন। পরে তাদেরকে স্থানীয় জামাল ক্লিনিকে ভর্তি করা হয়। এদের মধ্যে দুলু মিয়ার অবস্থা আশঙ্কাজনক হলে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তার দুই হাত ও মুখ আগুনে পুড়ে গেছে।
ইত্তেফাক/জেডএইচডি
