ফরিদপুরের ভাঙ্গায় সংসদীয় আসনের সীমানা পুনর্বিন্যাসের প্রতিবাদে দ্বিতীয় দফায় টানা তৃতীয় দিনের মতো বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সকাল ৭ টা থেকে মহাসড়ক ও রেলপথ অবরোধ করে অবস্থান নিয়েছে এলাকাবাসী। এদিন সকাল থেকে ঢাকা -বরিশাল এবং ঢাকা- খুলনা মহাসড়কে সামিয়ানা টাঙ্গিয়ে ও গাছের গুঁড়ি ফেলে এবং রেললাইনের ওপর গাছ ফেলে অবরোধ শুরু করেন তারা।
জানা যায়, ঢাকা -খুলনা রেল লাইনের ভাঙ্গা উপজেলার কৈডুবি রেলগেটে গাছের গুঁড়ি ফেলে অবরোধ করে রেখেছে বিক্ষুব্ধ জনগণ। সকাল সাতটা থেকে অবরোধ শুরু হয়। কৈডুবি রেল গেটের গেট কিপার মুস্তাফিজুর রহমান জানান সকাল সাড়ে সাতটা থেকে রেলগেট বন্ধ করে রেখেছে স্থানীয় জনগণ। ফলে কোন ট্রেন যাতায়াত করেনি।
ভাঙ্গা রেলওয়ে জংশনের সহকারী ম্যানেজার মোহাম্মদ সাকিব আকন্দ জানান, খুলনা থেকে ঢাকাগামী জাহানাবাদ এক্সপ্রেস ভাঙ্গায় ৮:১৫ মিনিটে পৌঁছানোর কথা। কিন্তু রেললাইন অবরোধের কারণে ট্রেনটি ভাঙ্গা পৌঁছতে পারেনি। মুকসুদপুর এলাকায় অবস্থান করছে।
ভাঙ্গা রেল পুলিশের ইনচার্জ শাবুর হোসেন জানান, ঢাকাগামী জাহানাবাদ ট্রেন মুকসুদপুর আটকা পড়েছে। যাত্রীদের দুর্ভোগ পোহাতে হচ্ছে। অবরোধকারীদের শান্ত না করা পর্যন্ত রেল চলাচল স্বাভাবিক হবার সম্ভাবনা নেই।
হাইওয়ে পুলিশ জানায়, সকাল সাড়ে ৬টা থেকে ঢাকা-খুলনা মহাসড়কের হামিরদী ইউনিয়নের মনসুরাবাদ এলাকায় ৬০-৭০ জন এবং একই মহাসড়কের আলগী ইউনিয়নের সুয়াদি এলাকায় প্রায় ১২০ জন মহাসড়কে বসে বিক্ষোভ শুরু করেন। একইভাবে সকাল সাড়ে ৭টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের হামিরদী ইউনিয়নের পুখুরিয়া, হামিরদী ও নওয়াপাড়া এলাকায় শতাধিক মানুষ গাছের গুঁড়ি ফেলে সড়ক অবরোধ করেন। এতে ঢাকাগামী বাস, ট্রাক, মাইক্রোবাসসহ শত শত যানবাহন আটকা পড়ে যায়। সকাল সাড়ে ৭টার পর থেকে ঢাকা-বরিশাল মহাসড়কের ভাঙ্গা গোলচত্বরেও বিক্ষোভকারীরা অবস্থান নেন।
অবরোধ চলাকালে আন্দোলনকারীরা জানান, আলগী ও হামিরদী ইউনিয়নকে ফরিদপুর-৪ থেকে কেটে ফরিদপুর-২ আসনে যুক্ত করার গেজেট কোনোভাবেই তারা মানবেন না।
আন্দোলনকারীরা বলেন, ভাঙ্গা থাকবে ভাঙ্গাতেই- এই দাবিতে আমরা যতদিন প্রয়োজন, ততদিন রাস্তায় থাকবো।
এ বিষয়ে ভাঙ্গা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রোকিবুজ্জামান বলেন, আজ ভোর থেকে দুটি মহাসড়কেই কয়েকশ মানুষ বসে আছে। তারা স্পষ্ট জানিয়েছে, দাবি পূরণ না হওয়া পর্যন্ত রাস্তা ছাড়বে না। এত বড় জনসমাগম নিয়ন্ত্রণ করা আমাদের জন্য কঠিন হয়ে দাঁড়িয়েছে।
উল্লেখ্য, গত ৪ সেপ্টেম্বর নির্বাচন কমিশন ভাঙ্গার আলগী ও হামিরদী ইউনিয়নকে ফরিদপুর-৪ থেকে কেটে ফরিদপুর-২ আসনে যুক্ত করে গেজেট প্রকাশ করে। এ সিদ্ধান্তের প্রতিবাদে গত কয়েক দিনে ভাঙ্গায় একাধিকবার মহাসড়ক অবরোধ, মানববন্ধন ও হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে।
