মোরেলগঞ্জে ৪৮ ঘণ্টার হরতালের শেষ দিনে কঠোর কর্মসূচি

আপডেট : ১১ সেপ্টেম্বর ২০২৫, ১৩:৪২

বাগেরহাট জেলার চারটি সংসদীয় আসন পুনর্বহালের দাবিতে সর্বদলীয় সম্মিলিত ঐক্য পরিষদের ব্যানারে ডাকা ৪৮ ঘণ্টার হরতালের শেষ দিনে মোরেলগঞ্জ উপজেলায় পালিত হয়েছে কঠোর কর্মসূচি।

বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সকাল থেকেই মোরেলগঞ্জ পৌরসভা ও ১৬টি ইউনিয়নের বাজার ও দোকানপাট বন্ধ রাখেন ব্যবসায়ীরা। বন্ধ ছিল সকল শিক্ষা প্রতিষ্ঠানের পাঠদান।

এদিন নব্বইরশি ও ছোলমবাড়িয়া বাসস্ট্যান্ড থেকে মোরেলগঞ্জ, শরণখোলা ও বাগেরহাটগামী সব ধরনের যানবাহন চলাচল বন্ধ ছিল। বন্ধ ছিল নৌযান চলাচলও। এতে সাধারণ যাত্রীরা চরম দুর্ভোগে পড়েন।

উপজেলা প্রশাসনের সব কার্যক্রম প্রায় অচল হয়ে পড়ে। উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়সহ বিভিন্ন সরকারি অফিসে কার্যক্রম স্থবির হয়ে পড়ে। উপজেলা নির্বাচন অফিস ছিল তালাবদ্ধ।

দিনভর হরতাল সমর্থনকারীরা বিভিন্ন এলাকায় টায়ার জ্বালিয়ে, গাছ ফেলে সড়ক অবরোধ করেন এবং বিক্ষোভ করেন। জেলা বিএনপির নেতা কাজী খায়রুজ্জামান শিপনের নেতৃত্বে নব্বইরশি বাসস্ট্যান্ড, পল্লীমঙ্গল, সোমাদ্দারখালী, তেতুলবাড়িয়া, আমতলা সহ বেশ কয়েকটি স্থানে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

এছাড়া, নব্বইরশি বাসস্ট্যান্ড এলাকায় সর্বদলীয় সম্মিলিত ঐক্য পরিষদের পক্ষ থেকেও একটি প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তারা বলেন, নির্বাচন কমিশনের এই অযৌক্তিক ও অবৈধ সিদ্ধান্ত কোনোভাবেই মেনে নেওয়া হবে না। বাগেরহাটের চারটি আসন পুনর্বহালের ঘোষণার আগ পর্যন্ত আমাদের আন্দোলন অব্যাহত থাকবে।

হরতালের কারণে জনজীবনে চরম দুর্ভোগ দেখা দিলেও কর্মসূচিতে অংশগ্রহণকারীদের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস লক্ষ্য করা গেছে। তারা বলছেন, এটি শুধু রাজনৈতিক দাবি নয়, এটি বাগেরহাটের মানুষের অধিকার পুনঃপ্রতিষ্ঠার আন্দোলন।

ইত্তেফাক/এএইচপি