মানিকগঞ্জের দৌলতপুর উপজেলায় কথা কাটাকাটির পর বৃদ্ধ মাকে কুপিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে রবি চন্দ্র ভদ্র (৪২) নামে এক যুবকের বিরুদ্ধে।
বুধবার (১০ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে উপজেলার চকমিরপুর ইউনিয়নের মান্দারতা গ্রামে এ ঘটনা ঘটে।
দৌলতপুর থানার ওসি এ আর এম আল মামুন বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার চকমিরপুর ইউনিয়নের মান্দারতা গ্রামের করুণা রানী ও তার ছেলে রবি চন্দ্র ভদ্রের মধ্যে দীর্ঘদিন ধরে পারিবারিক সম্পত্তি নিয়ে বিরোধ চলে আসছে। ধারণা করা হচ্ছে সেই বিরোধের জেরে রবি চন্দ্র ভদ্র বৃহস্পতিবার ভোর রাতে ধারালো বটি দিয়ে ঘরের ভেতর মায়ের গলা কেটে হত্যা করে। ঘটনাস্থলেই করুণা রানী মারা যান। মাকে হত্যার পর রবি চন্দ্র ভদ্র পালিয়ে যায়। খবর পেয়ে দৌলতপুর থানা পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে।
ওসি এ আর এম আল মামুন জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের মর্গে পাঠানো হয়েছে। ঘটনার পর থেকেই অভিযুক্ত রবি চন্দ্র ভদ্র পলাতক রয়েছে। মামলা দায়ের করা হয়েছে। অভিযুক্তকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
