চুয়াডাঙ্গা সীমান্ত

ভারতে আটক ১১ বাংলাদেশিকে বিজিবির কাছে হস্তান্তর

আপডেট : ১১ সেপ্টেম্বর ২০২৫, ১৬:৫৪

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার বেনীপুর সীমান্তে পতাকা বৈঠকের মাধ্যমে নারী ও শিশুসহ ১১ বাংলাদেশিকে বর্ডার গার্ড গার্ডের (বিজিবি) কাছে হস্তান্তর করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

বুধবার (১০ সেপ্টেম্বর) রাতে সীমান্তের ৬১/৭ এস পিলার এলাকায় অনুষ্ঠিত পতাকা বৈঠকে ভারতের নোনাগঞ্জ ক্যাম্পের বিএসএফ বেনীপুর ক্যাম্পের সদস্যরা তাদের বিজিবির কাছে হস্তান্তর করে। সর্বশেষ বৃহস্পতিবার সকালে বিজিবি তাদেরকে জীবননগর থানায় সোপর্দ করে।

হস্তান্তর হওয়া ওই বাংলাদেশিরা হলেন, মুন্সীগঞ্জ জেলার সিরাজদীখান উপজেলার বড়শিকারপুর গ্রামের গৌরাঙ্গ মন্ডলের ছেলে মিঠুন মন্ডল (৪৪), স্ত্রী কবিতা মন্ডল (৩৮), দুই মেয়ে অনিকা মন্ডল (১৭), অন্তরা মন্ডল (১২) ও মিষ্টি মন্ডল (৯), মাগুড়া জেলার শালিখা উপজেলার ছাবড়ী গ্রামের পরিমল বিশ্বাসের ছেলে প্রবীন বিশ্বাস (৩৯), স্ত্রী অপর্না বিশ্বাস (৩৬) ও মেয়ে প্রিয়সী বিশ্বাস (১০), ঢাকা জেলার কেরানীগঞ্জের সিরাজ হাজারী বাড়ি এলাকার নুর ইসলামের মেয়ে সোহাগী আক্তার (৪০), ঢাকার কোতয়ালী থানার আহসানুল্লাহ রোডের বাসিন্দা আল আমিনের স্ত্রী মীম (১৯) ও সাতক্ষীরা সদর উপজেলার জাহানাবাদ গ্রামের আব্দুল মাজেদের মেয়ে তাসলিমা (৪১)।

মহেশপুর ৫৮ বিজিবি ব্যাটালিয়নের সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছেন, অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের চেষ্টায় তাদের আটক করে ভারতের পশ্চিমবঙ্গের নদীয়া জেলার ১৯৪ ব্যাটালিয়ন বিএসএফ সদস্যরা। এসময় তারা বিএসএফকে জানায়, তারা অবৈধ পথে ভারতে প্রবেশ করে এবং মুম্বাই শহরের বাসাবাড়িতে গৃহকর্মী ও দিন মজুরের কাজ করতো। পরে তারা দেশে ফেরা চেষ্টা করছিল।

তাদের আটকের পর বুধবার রাত ১১টা ৪০ মিনিটের দিকে সীমান্তের ৬১/৭ এস পিলার এলাকায় বিজিবি-বিএসএফ পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। এ পতাকা বৈঠকের পর বিএসএফ আটক ১১জন নারী-পুরুষ ও শিশুকে বেনীপুর কোম্পানি নায়েব সুবেদার মো. ওবায়দুল্লাহর হাতে তুলে দেয়।

জীবননগর থানার ওসি মামুন হোসেন সাংবাদিকদের বলেন, বিজিবি ১১জন বাংলাদেশিকে থানায় হস্তান্তর করেছে। তাদের বিষয়ে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে। 

ইত্তেফাক/এপি