কাজাখস্তানের দুর্গম এলাকায় ‘দম’-এর দম পরীক্ষা

আপডেট : ১১ সেপ্টেম্বর ২০২৫, ১৮:১৪

অচেনা এক দেশ, দুর্গম লোকেশন। সেখানেই হঠাৎ দেখা গেছে অভিনেতা আফরান নিশোকে। সঙ্গে ছিলেন নির্মাতা রেদওয়ান রনি, প্রযোজক শাহরিয়ার শাকিল, শিল্পনির্দেশক শহীদুল ইসলাম এবং আরও কয়েকজন বিদেশি। প্রথম তিনজনের নাম একসঙ্গে এলে দর্শকদের মনে পড়ে যায় বহুল আলোচিত আসন্ন সিনেমা ‘দম’-এর কথা। তাহলে কি ‘দম’-এর টিম এখন কাজাখস্তানেই?

বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সকাল থেকে এই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে নেট-দুনিয়ায় । কারণ, নির্মাতা রেদওয়ান রনি নিজেই তার ফেসবুক ও ইনস্টাগ্রামে কিছু ছবি পোস্ট করে লিখেছেন, ‘দম-এর দম পরীক্ষা’। পোস্টে ব্যবহার করেছেন হ্যাশট্যাগ-#দমরেকি #কাজাখস্তান। বোঝাই যাচ্ছে, কাজাখস্তানেই চলছে সিনেমার লোকেশন রেকি।

ছবিগুলো দেখে ধারণা করা যাচ্ছে, প্রযোজক-নির্মাতা-শিল্পী মিলে গেছেন লোকেশন দেখতে। কোথায় কেমন দৃশ্যধারণ করা যাবে, কতটা চ্যালেঞ্জ নিতে হতে পারে অভিনেতাদের- সেটাই সরেজমিনে খতিয়ে দেখছেন তারা।

লোকেশনে দেখা গেছে অভিনেতা আফরান নিশোকে। সঙ্গে ছিলেন নির্মাতা রেদওয়ান রনি, প্রযোজক শাহরিয়ার শাকিল, শিল্পনির্দেশক শহীদুল ইসলামকে। ছবি: ইনস্টাগ্রাম

এর আগে সৌদি আরব ও জর্ডানকে সম্ভাব্য শুটিং লোকেশন হিসেবে শোনা গেলেও শেষ পর্যন্ত কাজাখস্তানকেই বেছে নিয়েছে সংশ্লিষ্টরা। রেদওয়ান রনি পোস্টে হ্যাশট্যাগ ব্যবহার করেছেন- ‘দমরেকি’ ও ‘কাজাখস্তান’।

অনেকদিন পর নির্মাণে ফিরছেন রেদওয়ান রনি। তার ভাষায়, ‘দম নিয়ে দম বানাতে আসছি। বাস্তব ঘটনার অনুপ্রেরণায় তৈরি হচ্ছে সিনেমার গল্প, যেখানে সার্ভাইভালের কাহিনি উঠে আসবে।’

‘দম’-এ অভিনয় করছেন আফরান নিশো ও চঞ্চল চৌধুরী। সিনেমায় যুক্ত হওয়ার সময় নিশো বলেছিলেন, ‘এতে পারফরম্যান্সে অনেক চ্যালেঞ্জ আছে যা আমাকে অনুপ্রাণিত করেছে। দেশে এ ধরনের সিনেমা আগে দেখিনি।’

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Redoan Rony (@rony_redoan)

অন্যদিকে চঞ্চল চৌধুরী মন্তব্য করেছিলেন, ‘গল্পটা অসাধারণ, খুব চ্যালেঞ্জিং। দর্শক চমকে যাবেন।’

তবে সিনেমার প্রধান নারী চরিত্রে কে থাকবেন, তা এখনও চূড়ান্ত হয়নি।

এসভিএফ আলফা-আই এন্টারটেইনমেন্ট ও চরকির প্রযোজনায় নির্মিত ‘দম’ সিনেমাটি মুক্তি পাবে ২০২৬ সালের রোজার ঈদে। শিগগিরই শুটিং শুরু করার পরিকল্পনা রয়েছে নির্মাতাদের।

ইত্তেফাক/এসএ