যশোরে ১৭টি স্বর্ণের বারসহ সঞ্জয় সরকার (৩৭) নামে এক যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে নড়াইল-যশোর মহাসড়কের দারাজহাট হাসান ফিলিং স্টেশনের সামনে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
বিজিবি জানায়, আটক সঞ্জয় ফরিদপুরের বোয়ালমারী উপজেলার ধূলজোড়া গ্রামের অখিল সরকারের ছেলে। তার কোমরে বিশেষ কায়দায় লুকানো অবস্থায় ১৭টি স্বর্ণের বার পাওয়া যায়। উদ্ধারকৃত স্বর্ণের ওজন ১.৯৩৪ কেজি, যার বাজারমূল্য তিন কোটি আট লাখ ৩১ হাজার ৮২৮ টাকা।
৪৯ বিজিবির যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে সঞ্জয় স্বীকার করেছেন— ঢাকার ধোলাইপাড় এলাকা থেকে চোরাকারবারীদের কাছ থেকে স্বর্ণ সংগ্রহ করে সাতক্ষীরা হয়ে ভারতে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিলেন।
তিনি আরও বলেন, আটক সঞ্জয়ের বিরুদ্ধে মামলা দিয়ে তাকে যশোর কোতোয়ালি মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। জব্দকৃত স্বর্ণ ট্রেজারিতে জমা দেওয়া হয়েছে।

