রাজধানীতে আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের ১৮ নেতাকর্মী গ্রেপ্তার

আপডেট : ১২ সেপ্টেম্বর ২০২৫, ১৯:৩২

রাজধানীর বিভিন্ন এলাকায় ঝটিকা মিছিল করার অভিযোগে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের ১৮ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। এর মধ্যে মিরপুরে ৬ জন, বাংলামোটর মোড়ে ৬ জন এবং গুলশানে ৬ জনকে গ্রেপ্তার করেছে সংশ্লিষ্ট এলাকার থানা পুলিশ। 

শুক্রবার (১২ সেপ্টেম্বর) ঢাকা মহানগর পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপকমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য জানান।

মিরপুরে গ্রেপ্তার ছয়জন হলো- পাবনার সুজানগর পৌর যুবলীগের সভাপতি ও সুজানগর উপজেলা ভাইস চেয়ারম্যান মো. জুয়েল রানা (৩৫), চট্টগ্রাম মহানগরের এজিএস ইসলামিয়া কলেজ ছাত্রলীগের সক্রিয় কর্মী আল নমান সাইফ (২৯), চট্টগ্রাম জেলা যুবলীগের সক্রিয় কর্মী মো. জুলহাস (২৬), ছাত্রলীগের সক্রিয় কর্মী ইমন হোসেন খান মানিক (২৫), আওয়ামী লীগের সক্রিয় কর্মী মো. সাগর হোসেন (২৭) ও আওয়ামী লীগের সক্রিয় কর্মী মো. ওহিদুল ইসলাম সুমন (৩৩), অন্যদিকে বাংলামোটর ও গুলশান এলাকায় গ্রেপ্তারকৃতরা হলেন, মাইন উদ্দীন (৩৬), বিল্লাল হোসেন (৩৮), রাব্বি (২১), সোহেল হাসান রাফি (২১), আরিফ (২৩), নাদিম (১৯), শুক্কুর হাওলাদার (২৫), শিহাব মুন্সি (২৫), জুয়েল (৩০), সাদ্দাম মোল্লা (২৭), রানা (১৯) ও নাজমুল (১৯)।

মিরপুর মডেল থানার বরাত দিয়ে তালেবুর রহমান বলেন, বৃহস্পতিবার কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ এবং ছাত্রলীগের কয়েকজন সদস্য মুখে মাস্ক পরে মিরপুর পাইকপাড়া ডি-টাইপ স্টাফ কোয়ার্টারের ১ নম্বর গেটের সামনে জড়ো হয়ে বর্তমান সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র এবং নাশকতামূলক কর্মকারের পরিকল্পনা করছে এবং সরকারবিরোধী স্লোগান দিচ্ছে। এ খবরের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থলে হাজির হয়। এ সময় ঘটনাস্থল থেকে ৬ জন আসামিকে গ্রেফতার করা হয় এবং অন্যরা কৌশলে পালিয়ে যায়। এ ঘটনায় মিরপুর মডেল থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাজধানীর বাংলামোটরে রূপায়ন সেন্টারের সামনে থেকে হোটেল ইন্টারকন্টিনেন্টালের দিকে মিছিল করে আওয়ামী লীগের কয়েকশ নেতাকর্মী। এ সময় তারা  ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’, ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধুসহ বিভিন্ন স্লোগান দেন। পরে এ মিছিল থেকে একটি মোটরসাইকেলসহ ৬ জনকে আটক করে পুলিশ। এছাড়া শুক্রবার দুপুরের দিকে গুলশান থানাধীন গুদারাঘাট এলাকায় কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাকর্মীরা একটি মিছিল বের করে। এ সময় পুলিশ মিছিলে ধাওয়া দিয়ে ৬ জনকে গ্রেপ্তার করে।

ডিএমপির রমনা বিভাগের উপ-কমিশনার (ডিসি) মাসুদ আলম বলেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা বিকাল ৩টার দিকে মিছিল করে। সেখান থেকে একটি মোটরসাইকেলসহ ৬ জনকে আটক করা হয়েছে। তাদের রমনা থানায় নেওয়া হয়েছে।

ইত্তেফাক/কেএইচ