নওগাঁর আত্রাইয়ে সহকারী কমিশনার (ভূমি) বা এসিল্যান্ডের নাম ভাঙিয়ে ব্যবসায়ীদের কাছ থেকে প্রতারণার মাধ্যমে প্রায় ২০ হাজার টাকা হাতিয়ে নিয়েছে একটি সংঘবদ্ধ চক্র। এ ঘটনায় স্থানীয় ব্যবসায়ীদের মধ্যে চরম ক্ষোভ ও উদ্বেগ দেখা দিয়েছে।
স্থানীয় ও ভুক্তভোগী সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) শাহাগোলা ইউনিয়ন পরিষদের চৌকিদার নকুল হোসেনের মোবাইল ফোনে একটি কল আসে। কলকারী নিজেকে আত্রাই উপজেলার এসিল্যান্ড পরিচয় দিয়ে জানতে চান, ভবানীপুর বাজারে কয়টি মিষ্টির দোকান আছে। পরে চৌকিদারের ফোন ব্যবহার করে ওই প্রতারক চক্র মিষ্টি ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে এবং ৬ জন ব্যবসায়ীর কাছ থেকে প্রায় ২০ হাজার টাকা বিকাশের মাধ্যমে আদায় করে।
ভবানীপুর বাজারের মিষ্টি ব্যবসায়ী সম্রাট হোসেন বলেন, 'চৌকিদার নকুল আমাকে ফোন ধরিয়ে দেন। অপর প্রান্ত থেকে নিজেকে এসিল্যান্ড পরিচয় দিয়ে ভ্রাম্যমাণ আদালতের ভয় দেখিয়ে টাকা দাবি করা হয়। সরল বিশ্বাসে আমি ৩ হাজার ২০০ টাকা বিকাশে পাঠিয়ে দিই।'
তিনি আরও জানান, একইভাবে বাজারের আরও ৫ জন ব্যবসায়ী প্রদীপ, গৌতম, পলাশ ও নজরুলসহ মোট ১৯ হাজার ২০০ টাকা প্রতারকদের কাছে পাঠিয়ে দেন।
চৌকিদার নকুল হোসেন বলেন, আমি ভেবেছি সত্যিই এসিল্যান্ড ফোন করেছেন। তাই তার নির্দেশ মতো ০১৮৬০-৪৯২৩১৯ নম্বরে টাকা পাঠিয়ে দিই। পরে দেখলাম ওই নম্বরটি বন্ধ।
এ বিষয়ে আত্রাই উপজেলার সহকারী কমিশনার (ভূমি) নূরে আলম সিদ্দিক বলেন, বিষয়টি জানতে পেরেছি। এটি একটি প্রতারক চক্রের কাজ। ব্যবহার করা নম্বরটি যাচাই-বাছাই করা হচ্ছে। ইউএনওকে বিষয়টি জানানো হয়েছে। তার নির্দেশনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
