সপ্তাহের প্রথম কর্মদিবসে উপজেলা পরিষদের তিন দপ্তরে তালা

আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০২৫, ১৮:৫৮

সপ্তাহের প্রথম কর্মদিবস রোববার (১৪ সেপ্টেম্বর) সকাল থেকে মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলা পরিষদ ভবনের নিচতলায় থাকা তিনটি সরকারি দপ্তরে তালা ঝুলতে দেখা গেছে। দুপুর পর্যন্ত কোনো কর্মকর্তা অফিসে আসেননি। এতে ভোগান্তিতে পড়েন সেবা নিতে আসা সাধারণ মানুষ।

আজ (১৪ সেপ্টেম্বর) রবিবার সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত উপজেলা তথ্যকেন্দ্র, বস্ত্র ও পাট অধিদপ্তর এবং পরিসংখ্যান কার্যালয় তালাবদ্ধ ছিল। কর্মকর্তারা কেউই উপস্থিত ছিলেন না।

তথ্য কর্মকর্তা মনিরা জাহান জানান, তিনি কর্মীদের ফোনে অফিস খোলার নির্দেশ দিয়েছিলেন, কিন্তু তারা আসেননি।

বস্ত্র ও পাট কর্মকর্তা আতাউর রহমান বলেন, তিনি জেলা অফিসে কাজে ছিলেন। পরিসংখ্যান কর্মকর্তা ছাদিকুর রহমান দাবি করেন, তিনি প্রশিক্ষণে ছিলেন। তবে জেলা পরিসংখ্যান কর্মকর্তা মিনার উদ্দীন নিশ্চিত করেছেন, ওই দিন কোনো প্রশিক্ষণ বা মিটিং ছিল না।

এছাড়া উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী কার্যালয়, বন বিভাগ ও রিসোর্ট সেন্টার অফিস খোলা থাকলেও কর্মকর্তাদের পাওয়া যায়নি। শুধু অফিস সহায়করা বসে ছিলেন।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইকবাল হোসেন বলেন, বৃষ্টি থাকলেও অফিস খোলা রাখতে হবে। তালাবদ্ধ দপ্তরগুলো আমার অফিসের পাশেই। সরকারি বিধি লঙ্ঘন করে দায়িত্বে অবহেলার কারণে সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

ইত্তেফাক/এএইচপি