যশোরে পৃথক সড়ক দুর্ঘটনায় পুলিশ কর্মকর্তাসহ নিহত ৪

আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০২৫, ১৪:৫২

সাক্ষী দিয়ে ফেরার পথে নড়াইল-যশোর মহাসড়কে দুর্ঘটনায় নিক্কন আঢ্য (৩৫) নামের এক পুলিশ কর্মকর্তার মৃত্যু হয়েছে। এতে দুর্ঘটনার কবলিত বাসটির আরও দুই যাত্রী নিহত হয়েছেন।  দুর্ঘটনায় অন্তত ২৫ জন আহতের খবর পাওয়া গেছে। তাছাড়া যশোর-বেনাপোল মহাসড়কের পারবাজার এলাকায় পৃথক সড়ক দুর্ঘটনায় আরও একজন নিহত হয়েছেন।

রোববার (১৪ সেপ্টেম্বর) রাত ১১টার থেকে সোমবার ভোর পর্যন্ত পৃথক এ দুটি দুর্ঘটনা ঘটে।

নড়াইল-যশোর মহাসড়কে নিহতরা হলেন, যশোর সদর উপজেলার বড় ভেকুটিয়া গ্রামের মুজিদ হাওলাদারের ছেলে স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সংসদের সাবেক সহ-সাধারণ সম্পাদক এম জাফর আলী, বসুন্দিয়ার আহমেদ আলীর ছেলে আক্তার হোসেন, বাঘারপাড়া উপজেলার ছাতিয়ানতলা এলাকার নিশিকান্ত আঢ্যের ছেলে ও এসআই নিক্কন আঢ্য (৩৫)।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, রোববার রাত ১১টার দিকে  নড়াইল যশোর মহাসড়কের যশোরের বাঘারপাড়া উপজেলার ভাঙুড়া বাজার এলাকায় একটি বাঁশ বোঝাই ট্রাক দাড়িয়েছিল। ঢাকা থেকে যশোরগামী নড়াইল এক্সপ্রেসের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটিকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে বাসের সামনের গ্লাস ভেঙে বাঁশের অগ্রভাগ ঢুকে পড়ে বাসের মধ্যে। দুর্ঘটনার পরপরই স্থানীয়রা বাসযাত্রী আক্তার হোসেনকে ঘটনাস্থলেই মৃত অবস্থায় পান। আশঙ্কাজনক অবস্থায় যশোরের আরেক যাত্রী আবু জাফর ও পুলিশ কর্মকর্তা নিক্কন আঢ্যকে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যান উদ্ধারকারীরা। হাসপাতালে নেওয়ার পর আবু জাফরকে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

পুলিশ কর্মকর্তা নিক্কনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়। কিন্তু তার শারীরিক অবস্থার অবনতি হলে পথেই নড়াইল সদর হাসপাতালে নেওয়া হয়। রোববার রাত সাড়ে ১২টার দিকে চিকিৎসক পুলিশ কর্মকর্তা নিক্কনকেও মৃত ঘোষণা করেন দায়িত্বরত চিকিৎসক। 

জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে দায়িত্বরত চিকিৎসক জুবায়ের আহমেদ জানান, হাসপাতালে পৌঁছানোর আগেই আবু জাফরের মৃত্যু হয়। আহত নিক্কন আঢ্যর অবস্থা সংকটাপন্ন হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় রেফার্ড করা হয়েছিল।

তুলারামপুর হাইওয়ে থানার ওসি শেখ সেকেন্দার আলী জানান, স্বেচ্ছাসেবক দলনেতা ও আক্তারের মরদেহ যশোর জেনারেল হাসপাতালে মর্গে রয়েছে। আর পুলিশ কর্মকর্তার মরদেহ নড়াইল মর্গে রয়েছে। ময়নাতদন্ত শেষে মরদেহ স্বজনের কাছে হস্তান্তর করা হবে।

এদিকে সোমবার ভোরে যশোর-বেনাপোল মহাসড়কের পারবাজার এলাকায় বেনাপোলমুখী যাত্রীবাহী বাসের (ঢাকা মেট্রো গ-১২-৩৬৯৩) সঙ্গে বিপরীতমুখী একটি পিকআপের (যশোর না -১১-০৩৯৪) মুখোমুখি সংঘর্ষে পিকআপ চালক রুহুল কুদ্দুস ঘটনাস্থলে মারা যান।

নাভারণ হাইওয়ে থানার ওসি রোকনুজ্জামান দুর্ঘটনায় মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, বাস ও পিকআপ জব্দ করা হয়েছে। বাসের চালক ও হেলপার পালিয়ে গেছে।

ইত্তেফাক/এপি