ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাঁচটি একাডেমিক ভবনে স্যানিটারি ন্যাপকিন ভেন্ডিং মেশিন স্থাপন করার উদ্যোগ নিয়েছে বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখা শিবির।
রোববার (১৪ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টায় বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে আয়োজিত এক সংবাদ সম্মেলন এ তথ্য জানান সংগঠনটির ঢাবি শাখার নেতারা।
একাডেমিক স্থানগুলো হলো- ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি), কেন্দ্রীয় লাইব্রেরী, কার্জন, মোকাররম ভবন ও ফ্যাকাল্টি অব বিজনেস স্টাডিজ (এফবিএস)।
সংবাদ সম্মেলনে ছাত্রশিবিরের ঢাবি শাখার সভাপতি এস এম ফরহাদ বলেন, শিক্ষার্থীদের প্রয়োজনই আমাদের অগ্রাধিকার। আমরা এই মেশিন অনেক আগেই প্রস্তুত করে রেখেছি। ডাকসুর আচরণবিধি ভঙ্গ হওয়ার আশঙ্কায় আমরা এতদিন তা স্থাপন করিনি।
ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের সেক্রেটারি মো. মহিউদ্দীন খান বলেন, আমরা ছাত্ররাজনীতির আমূল পরিবর্তন চাই। আমরা শিক্ষার্থীবান্ধব রাজনীতি করতে চাই। এর আগেও আমরা শিক্ষার্থীদের স্বার্থে প্রতিটি হলে ঠান্ডা পানির ফিল্টার স্থাপন করেছি। এভাবে সবসময় শিক্ষার্থীদের পাশে থাকাই আমাদের অঙ্গীকার।
