চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) ও হল সংসদ নির্বাচনে প্রার্থিতা নিশ্চিত করতে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন মোট ১,০৬৩ জন শিক্ষার্থী। এর মধ্যে কেন্দ্রীয় সংসদের জন্য ৪৭৪ জন এবং হল সংসদের জন্য ৫৮৯ জন মনোনয়ন নিয়েছেন।
তবে উপ-সভাপতি (ভিপি), সাধারণ সম্পাদক (জিএস) এবং সহকারী সাধারণ সম্পাদক (এজিএস) পদে কতজন মনোনয়ন নিয়েছেন, তা এখনো প্রকাশ করেনি নির্বাচন কমিশন।
মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) রাত ৮টায় এক সংবাদ সম্মেলনে চাকসু নির্বাচন কমিশনের সদস্য সচিব অধ্যাপক ড. কেএম আরিফুল হক সিদ্দিকী এ তথ্য জানান। তিনি বলেন, “শুরুতে মনোনয়ন সংগ্রহে আগ্রহ কম থাকলেও শেষ দিনে বিপুল সাড়া মিলেছে। শিক্ষার্থীদের সুবিধার জন্য সময়ও বাড়ানো হয়েছিল।”
সকাল ৯টা ৩০ মিনিট থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত চলে মনোনয়ন বিতরণ। নির্ধারিত সময় ছিল বিকেল ৩টা ৩০ মিনিট, কিন্তু ভিড়ের কারণে সময় বাড়ানো হয়। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে দীর্ঘ ৩৩ বছর পর অনুষ্ঠিত হতে যাচ্ছে চাকসু নির্বাচন। শিক্ষার্থীদের আগ্রহ, প্যানেল ঘোষণাসহ সবকিছুই নজরে রাখছে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও ছাত্ররাজনীতির সংশ্লিষ্ট মহল।
