বাসায় ঢুকে যুবককে কুপিয়ে হত্যার অভিযোগ বেলচা মনির গ্রুপের বিরুদ্ধে

আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০২৫, ১০:০৪

রাজধানীর আদাবরের বালুর মাঠ এলাকায়  মাদক কারবার ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বাসায় ঢুকে রিপন ওরফে নিপু (৩৫) নামে এক যুবককে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে কিশোর গ্যাং বেলচা মনির গ্রুপের সদস্যদের বিরুদ্ধে। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) ভোর রাতের দিকে এ ঘটনা ঘটে। এসময় আহত হয়েছেন তার স্ত্রী আরজু বেগম (২৮) ও ছেলে ইমন (১৮)।

ডিএমপির তেজগাঁও বিভাগের মোহাম্মদপুর জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) একে এম মেহেদী হাসান জানিয়েছেন, মঙ্গলবার ভোরের দিকে আদাবর ১৭ নম্বর বালুর মাঠ এলাকায় রাজু গ্রুপের সদস্য রিপনকে কুপিয়ে আহত করেছে বেলচা মনির গ্রুপের সদস্যরা। পরে আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়। সন্ধ্যা পৌনে ৬টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

তিনি আরও জানান, বর্তমানে মরদেহটি ঢাকা মেডিকেলের মর্গে রাখা হয়েছে। নিহত নিপুর বিরুদ্ধে ভোলার তজুমদ্দিন ও বোরহানউদ্দিন থানায় দুইটি মামলা রয়েছে। ঘটনার সঙ্গে যারা জড়িত তাদের দ্রুত আইনের আওতায় আনার জন্য পুলিশের বিশেষ অভিযান চলছে।

স্থানীয় সূত্রে জানা যায়, নিহত রিপন অপর একটি কিশোর গ্যাং গ্রুপ রাজু ওরফে ভাইগ্না রাজু গ্রুপের প্রধান রাজুর ভাই। কিছুদিন পূর্বে এই রাজুকেও আদাবর ১০ এর আয়েশা গ্রুপের সদস্যরা কুপিয়ে গুরুতর জখম করে। 

স্থানীয়দের অভিযোগ, মোহাম্মদপুরের কিশোর গ্যাং কব্জি কাটা গ্রুপের প্রধান আনোয়ারের অন্যতম সহযোগী বেলচা মনির। চাপাতি দিয়ে কোপানোয় বিশেষ দক্ষতা থাকায় বেলচা মনির নাম হয় তার। আনোয়ার গ্রেপ্তার হয়ে জেলে যাওয়ায় বালুর মাঠ এলাকায় মাদকের স্পট নিয়ন্ত্রণসহ চাঁদাবাজির নেতৃত্ব দিতো মনির। যার একটা অংশ আনোয়ারকে দিতো মনির ও তার গ্যাংয়ের সদস্যরা।

এ বিষয়ে আদাবর থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম জাকারিয়া বলেন, স্থানীয় মাদক ব্যবসার নিয়ন্ত্রণ ও বিরোধকে কেন্দ্র করে মারামারির ঘটনা ঘটে। এ ঘটনায় একজনের মৃত্যু হয়েছে। ঘটনাটির বিষয়ে বিস্তারিত তদন্ত চলছে।

ইত্তেফাক/এনটিএম