পাবনায় পুকুরে ডুবে ভাইবোনের মৃত্যু

আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০২৫, ১৪:৫৪

পাবনার ঈশ্বরদী উপজেলায় পুকুরে গোসল করতে ভাইবোনের মৃত্যু হয়েছে।

বুধবার (১৭ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে উপজেলার লক্ষ্মীকুন্ডা ইউনিয়নের কামালপুর পূর্বপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতরা হলো, ওই গ্রামের পলান সরদারের ছেলে আজিবুল ইসলাম (৫) এবং রাসেল সরদারের মেয়ে রাবেয়া খাতুন (৬)। সম্পর্কে তারা আপন চাচাতো ভাইবোন। 

স্থানীয়রা জানান, সকাল ৯টার দিকে পরিবারের অভিভাবকদের অগোচরে শিশু আজিবুল ও রাবেয়া বাড়ির পাশের মালেক মণ্ডলের এমএমবি ব্রিকস ইটভাটার পুকুরে গোসল করতে নামে। একপর্যায়ে তারা পানিতে ডুবে যায়। পরিবারের লোকজন তদের খুঁজে না পেয়ে পুকুরপাড়ে গিয়ে রাবেয়ার মরদেহ পানিতে ভাসতে দেখে। পরে খোঁজাখুঁজির একপর্যায়ে আজিবুলের মরদেহও উদ্ধার করা হয়।

ঈশ্বরদী থানার ওসি আ স ম আব্দুন নুর বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়। ঘটনা অত্যন্ত মর্মান্তিক। পরিবারের কোনো অভিযোগ না থাকায় মরদেহ ময়নাতদন্ত ছাড়াই দাফনের অনুমতি দেওয়া হয়েছে।

ইত্তেফাক/এপি