হাজারীবাগে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, গ্রেপ্তার ১১

আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০২৫, ১২:৫৩

রাজধানীর হাজারীবাগের বেড়িবাঁধ এলাকায় ঝটিকা বিক্ষোভ মিছিল করেছে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ।বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) সকালে ১৪ নম্বর ওয়ার্ডের ময়লার ডিপোর সামনে প্রায় ১৫-২০ জন যুবক ব্যানার নিয়ে হঠাৎ করে মিছিল শুরু করে। মাত্র পাঁচ মিনিট সড়কে অবস্থান করে তারা ব্যানার গুটিয়ে এলাকা ছেড়ে পালিয়ে যায়।

স্থানীয় বাসিন্দারা জানান, সকালে হঠাৎ কিছু তরুণ ছেলে জড়ো হয়ে ব্যানার হাতে জয়বাংলা স্লোগান দিতে দিতে মিছিল শুরু করে। মিছিলটি বউবাজার হয়ে সামনের দিকে এগোয়। প্রায় পাঁচ মিনিট রাস্তায় অবস্থান করার পর তারা ব্যানার গুটিয়ে পালিয়ে যায়। এরপর পুলিশ আসে এবং এগারো জনকে ধরে নিয়ে যায়।

প্রত্যক্ষদর্শীদের মতে, মিছিলে অংশ নেওয়া বেশিরভাগ তরুণের বয়স ছিল ১৪ থেকে ২০ বছরের মধ্যে। তবে দু-একজন বয়স্ক মানুষও ছিলেন। এ সময় তারা ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’, ‘শেখ হাসিনা আসবে, রাজপথ কাঁপবে’, ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশে হাসবে’- এ রকম বিভিন্ন স্লোগান দিতে থাকে। ঘটনার পর পরই থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অভিযান চালায়।

হাজারীবাগ থানার ওসি সাইফুল ইসলাম জানান, আওয়ামী লীগের ঝটিকা মিছিল চলাকালে পুলিশ তাৎক্ষণিক ব্যবস্থা নিয়ে ১১ জনকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃতরা হলেন, জিহাদ হোসেন (২৪), দিপু খা (২৮), ইরান হোসেন (১৯), হৃদয় হোসেন (১৮), মুস্তাফিজুর রহিম (২৬), সাব্বির হোসেন (১৮), বিল্লাল হোসেন (১৯), মিলন মৃধা (২৩), নুর ইসলাম (৫৬), আমির হোসেন (১৮) ও বাদশা মিয়া (৫৫)।

এ ধরনের ঝটিকা মিছিল বা অবৈধ কর্মকাণ্ড ঠেকাতে পুলিশের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান হাজারীবাগ থানার ওসি সাইফুল ইসলাম।

ইত্তেফাক/এটিএন