নিখোঁজের এক মাস পর সেপটিক ট্যাংক থেকে মরদেহ উদ্ধার

আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০২৫, ১৬:১৫

কুমিল্লার দেবিদ্বারে নিখোঁজের এক মাস পর শ্বশুরবাড়ির সেপটিক ট্যাংক থেকে মো. করিম ভূঁইয়া (৪৫) নামের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১৭ সেপ্টেম্বর) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার রসুলপুর ইউনিয়নের রসুলপুর গ্রামে এ মরদেহ উদ্ধার করা হয়।

নিহত করিম ভূঁইয়া দেবিদ্বার উপজেলার বড়শালঘর গ্রামের মৃত আবুল কাশেম ভূঁইয়ার ছেলে। মরদেহ উদ্ধারের পর করিমের স্ত্রী, দুই ছেলে তৌহিদ হোসেন ভূঁইয়া ও তামজিদ হোসেন ভূঁইয়াসহ কয়েকজনকে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ।

স্থানীয় সূত্রে জানা যায়, গত ১৩ আগস্ট সকাল থেকে করিম ভূঁইয়া নিখোঁজ ছিলেন। পরিবারের সদস্যরা থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও প্রকাশ করে সন্ধান চান। কিন্তু দীর্ঘ এক মাসেও কোনো খোঁজ মেলেনি।

গত বুধবার রাতে বাড়ি থেকে দুর্গন্ধ ছড়িয়ে পড়লে স্থানীয়রা তার উৎস খোঁজ করতে থাকে। পরে সেপটিক ট্যাংকের ঢাকনা খোলা হলে হাত-পা বাঁধা অবস্থায় গলিত মরদেহ দেখা যায়। পরে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।

দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামছুদ্দিন মোহাম্মদ ইলিয়াছ বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। বিষয়টি তদন্তাধীন, পরিবারের কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

ইত্তেফাক/এসজেএস/এমএএস