আশ্বিনেও বাড়ছে যমুনা নদীর পানি 

আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০২৫, ১৩:৫৯

সিরাজগঞ্জে অসময়ে দ্রুত বাড়ছে যমুনার পানি। এতে শঙ্কায় চরাঞ্চলের কৃষকেরা। পানি আরও বাড়লে শীতকালীন সবজির আবাদ ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে। 

শুক্রবার (১৯ সেপ্টেম্বর) সকালে সিরাজগঞ্জ হার্ড পয়েন্টে যমুনা নদীর পানির সমতল রেকর্ড করা হয়েছে ১২.১৩ মিটার। গত ২৪ ঘণ্টায় ১৫ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে বিপদসীমার ৭৭ সে: মিটার নীচ দিয়ে প্রবাহিত হচ্ছে। অপরদিকে জেলার কাজিপুর মেঘাই পয়েন্টে পানির সমতল রেকর্ড করা হয়েছে ১৩.৮০ মিটার। ২৪ ঘণ্টায় ১৫ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে বিপদসীমার ১০০ সে: মিটার নীচ দিয়ে প্রবাহিত হচ্ছে।

সদর উপজেলার মেছড়া ইউনিয়নের ফরহাদ ও আলামিন সহ একাধিক কৃষক বলেন, আমরা শীতকালীন সবজির আবাদ শুরু করেছি।
সবজির চারা বড় হতে শুরু করেছে। এ অবস্থায় যমুনার পানি বাড়ছে। আমরা শঙ্কায় রয়েছি আরও পানি বাড়লে সবজি ক্ষেত প্লাবিত হলে চরম ক্ষতি হবে।

সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী মো. নাজমুল হোসাইন বলেন, উজানে থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও ভারী বৃষ্টিপাতের কারণে যমুনার পানি বাড়ছে। আরও দুই একদিন পানি বাড়তে পারে। তবে বিপদসীমা অতিক্রমের কোন সম্ভাবনা নেই।

সিরাজগঞ্জে পানি বৃদ্ধির কারণে যমুনা পাড়ের মানুষের মাঝে আশঙ্কা দেখা দিয়েছে। কারণ প্রতিবছরই পানি বৃদ্ধি এবং কমার সময় যমুনায় ভাঙ্গন দেখা দেয়।

ইত্তেফাক/এএইচপি