আগামী ২৪ ঘণ্টা দেশের তিনটি বিভাগে ভারী বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বিভাগ তিনটি হলো- খুলনা, বরিশাল ও চট্টগ্রাম।
সোমবার (২২ সেপ্টেম্বর) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়া পূর্বাভাসে এ তথ্য জানিয়েছেন আবহাওয়াবিদ হাফিজুর রহমান।
পূর্বাভাসে বলা হয়, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
এতে বলা হয়েছে, সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে। এছাড়া বর্তমানে ঢাকায় বাতাসের গতিবেগ ঘণ্টায় ১০-১৫ কিলোমিটার, যা দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে বইছে।
তাছাড়া উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। মৌসুমী বায়ুর অক্ষের বর্ধিতাংশ উত্তর প্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ, লঘুচাপের কেন্দ্রস্থল ও বাংলাদেশের দক্ষিণাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমী বায়ু বাংলাদেশের উপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় আছে। পূর্ব মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তর বঙ্গোপসাগর এলাকায় ২৪ সেপ্টেম্বর এর দিকে আরেকটি লঘুচাপ সৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং এটি ঘনীভূত হতে পারে।
এদিকে দেশের নদ-নদীগুলোতে আগামী তিন দিন পানি বাড়তে পারে বলে সতর্ক করেছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)।
সংস্থাটির তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে সর্বোচ্চ ১৩৯ মিলিমিটার (মি.মি) বৃষ্টিপাত হয়েছে ফেনীতে। তাছাড়া চট্টগ্রাম বিভাগে ও ঢাকা, বরিশাল, সিলেট বিভাগের কিছু স্থানে ভারী থেকে অতিভারী এবং উজানে ভারতের ত্রিপুরা প্রদেশে ভারী বৃষ্টিপাতের খবর জানিয়েছে পাউবি।
গত ২৪ ঘণ্টায় নোয়াখালীতে ১১৬ মি.মি., চাঁদপুর ১০৪ মি.মি., রামগড় (চট্টগ্রাম) ১০৪ মি.মি., ঢাকা ৯৬ মি.মি., বরিশাল ৬৮ মি.মি., শ্রীমঙ্গল (সিলেট) ৫৬ মি.মি. এবং সাবরাম (ফেনী) ৬৪ মি.মি. বৃষ্টিপাত হয়েছে।
আগামী ২৪ ঘণ্টায় চট্টগ্রাম বিভাগের মুহুরী, সেলোনিয়া ও ফেনী নদীসমূহের পানি সমতল বৃদ্ধি পেতে পারে বলে জানিয়েছে পাউবি। এ সময়ে মুহুরী, সেলোনিয়া ও ফেনী নদীসমূহ ফেনী ও চট্টগ্রাম জেলায় সতর্কসীমায় প্রবাহিত হতে পারে। তবে পরবর্তী ০২ দিন পানি সমতল স্থিতিশীল থাকতে পারে।
একইভাবে বরিশাল, খুলনা ও চট্টগ্রাম বিভাগের উপকূলীয় নদীসমূহে স্বাভাবিকের থেকে উচ্চতর জোয়ার বিরাজমান আছে, যা আগামী ৩ দিন অব্যাহত থাকতে পারে। ব্রহ্মপুত্র ও যমুনা নদ-নদীসমূহের পানি আগামী ২ দিন স্থিতিশীল থাকতে পারে ও পরবর্তী ৩ দিন হ্রাস পেতে পারে এবং বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হতে পারে।
পাউবোর সতর্ক বার্তার তথ্য অনুযায়ী, গঙ্গা নদীর পানি আগামী ৫ দিন হ্রাস পেতে পারে এবং পদ্মা নদীর আগামী ২ দিন স্থিতিশীল থাকতে পারে ও পরবর্তী ৩ দিন হ্রাস পেতে পারে (বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হতে পারে)। সুরমা ও কুশিয়ারা নদীসমূহের পানি সমতল আগামী ১ দিন হ্রাস পেতে পারে এবং ২য় ও ৩য় দিন স্থিতিশীল থাকতে পারে।
তাছাড়া রাজশাহী বিভাগের আত্রাই নদীর পানি আগামী ২৪ ঘণ্টা বৃদ্ধি পেতে পারে এবং ২য় ও ৩য় দিন স্থিতিশীল থাকতে পারে। চট্টগ্রাম বিভাগের হালদা, সাঙ্গু, গোমতী ও মাতামুহুরী নদীসমূহের পানি সমতল আগামী একদিন বৃদ্ধি পেতে পারে এবং ২য় ও ৩য় দিন স্থিতিশীল থাকতে পারে।
