শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

নভেম্বরে নির্বাচন, ‘কিছু শর্তে’ মিলেছে ছাত্র রাজনীতির অনুমতি

আপডেট : ২২ সেপ্টেম্বর ২০২৫, ১৪:১৮

শর্ত সাপেক্ষে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ছাত্র রাজনীতি চালু করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। শর্তে বলা হয়েছে ছাত্র সংগঠনগুলোর রাজনৈতিক কর্মসূচি পালন করতে এখন থেকে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের কাছ থেকে অনুমতি নিতে হবে।

সোমবার (২২ সেপ্টেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার সৈয়দ ছলিম মো. আব্দুল কাদির স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্ততিতে বলা হয়, ‘গত ১৮ আগস্ট প্রক্টরিয়াল কমিটির সাথে সর্বদলীয় ছাত্র সংগঠনের মতবিনিময় সভায় সর্বসম্মত সুপারিশের ভিত্তিতে গতবছরের ৬ নভেম্বর ছাত্ররাজনীতিতে আরোপ করা নিষেধাজ্ঞা স্থগিত করা হয়েছে। ক্যাম্পাসে আইনশৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার স্বার্থে পারস্পরিক শ্রদ্ধাবোধ বজায় রেখে শিক্ষার্থীদের কল্যাণমূলক রাজনৈতিক কর্মকাণ্ড বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের অনুমোদনক্রমে পরিচালনা করা যাবে। তবে অ্যাকাডেমিক ভবন, প্রশাসনিক ভবন ও আবাসিক হলে পূর্বের মতো সভা-সমাবেশ ও মিছিল নিষিদ্ধ থাকবে।’

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, সামনে শাহজালাল বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদের (শাকসু) নির্বাচনে প্যানেল গঠন ও পরিচিতিমূলক অনুষ্ঠানসমূহ সংশ্লিষ্ট হল প্রশাসনের অনুমতি সাপেক্ষে আয়োজন করা যাবে।

শাবিপ্রবিতে প্রায় ১০ মাস ধরে দলীয় ব্যানারে ছাত্ররাজনীতি নিষিদ্ধ রয়েছে। তবে শাকসু নির্বাচন সামনে রেখে দলীয় ব্যানারে ছাত্ররাজনীতির চালুর বিষয়ে গত সপ্তাহে সুপারিশ করে প্রক্টরিয়াল বডি।

এর আগে গত বছরের ৬ নভেম্বর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এক বিজ্ঞপ্তির মাধ্যমে ক্যাম্পাসে দলীয় ব্যানারে ছাত্ররাজনীতি নিষিদ্ধ ঘোষণা করে।

এদিকে, সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ.এম. সরওয়ারউদ্দিন চৌধুরী জানিয়েছেন, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্রসংসদ (শাকসু) নির্বাচন নভেম্বর মাসের দ্বিতীয় সপ্তাহে অনুষ্ঠিত হবে।

ইত্তেফাক/এপি