টাঙ্গাইলের সখীপুরে শিয়াল ও বানরের কামড়ে ১১ নারী-পুরুষ আহত হয়েছেন। সোমবার (২২ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টা থেকে মঙ্গলবার সকাল ১০টা পর্যন্ত উপজেলার আড়াইপাড়া গ্রামের বাজার এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় পুরো এলাকায় আতঙ্ক বিরাজ করছে।
স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার রাত সাড়ে ৮টার দিকে হঠাৎ কয়েকটি শিয়াল গ্রামে প্রবেশ করে বিভিন্ন বাড়িতে হানা দেয়। বাড়ির উঠোনে থাকা লোকজনকে শিয়ালগুলো কামড়ে ধরে। একপর্যায়ে আশপাশে থাকা অন্তত ১০ জন নারী-পুরুষ আহত হন। এরপর মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) সকালে একই এলাকার আরও এক ব্যক্তি বানরের কামড়ে আহত হন।
আহতরা হলেন— মৃত আহমদ আলীর স্ত্রী রেহেনা (৬৫), হায়দার আলীর স্ত্রী মর্জিনা (৬০), বাদশা মিয়ার স্ত্রী হাজেরা (৬০), শহিদুল ইসলামের স্ত্রী মালেকা বেগম (৪০), জহুর আলীর ছেলে রফিকুল ইসলাম (৩৩), মেহেদী হাসানের ছেলে মিরাজ, তারা হোসেন তালুকদারের স্ত্রী শাহিদা, আবদুল আজিজ মিয়ার ছেলে মমিনুল হক, হযরত আলীর ছেলে আবদুল মজিদ, সাদিয়া আক্তার (১৯) ও শাহাতন নেছা (৬০)।
এ বিষয়ে সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের মেডিকেল অফিসার ডা. আবুবকর সিদ্দিক বলেন, সোমবার (২২ সেপ্টেম্বর) রাত থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত শিয়াল ও বানরের কামড়ে আহত ১১ জনকে চিকিৎসা দেওয়া হয়েছে। সবাই বর্তমানে শঙ্কামুক্ত, শিয়াল ও বানরের আক্রমণ থেকে শিশু-বয়স্কসহ সবাইকে সাবধানে চলাচলের পরামর্শ দেওয়া হচ্ছে।
