চাঁদপুরে দেড় হাজার পিস ইয়াবাসহ রোহিঙ্গা গ্রেপ্তার

আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১৭:৪৬

চাঁদপুরে ১ হাজার ৫৩০ পিস ইয়াবাসহ নূরুল আমিন (২৬) নামের রোহিঙ্গা যুবককে গ্রেপ্তার করেছেন নৌ-থানা পুলিশ। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে গ্রেপ্তারকৃত নূরুল আমিন কে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয় বলে নিশ্চিত করেন চাঁদপুর নৌ থানার ওসি এ কে এম এস ইকবাল।

এর আগে সোমবার (২২ সেপ্টেম্বর) রাত সাড়ে ১২টায় চাঁদপুর লঞ্চঘাটের বিআইডব্লিউটিএ ২নং পল্টুনের উপর থেকে তাকে আটক করা হয়। 

চাঁদপুর নৌ থানা পুলিশ জানায়, চাঁদপুর লঞ্চঘাটে গোপন সংবাদের ভিত্তিতে নৌ থানার ওসি এ কে এম এস ইকবালের নির্দেশে অভিযান পরিচালনা করা হয়। এসময় লঞ্চঘাটের বিআইডব্লিউটিএ ২নং পল্টুনের উপর থেকে রোহিঙ্গা যুবক নূরুল আমিনের প্যান্টের বাম পকেট থেকে কালো কস্টিপ মোড়ানো ১ হাজার ৫৩০ পিস ইয়াবাসহ তাকে আটক করে থানায় নিয়ে যায়।

অভিযানে চাঁদপুর নৌ থানার এস আই আবুল হাশেম, কন্সটেবল বিপ্লব ও খালেদ উপস্থিত ছিলেন। জব্দকৃত ইয়াবার মূল্য ৩ লাখ ৬ হাজার টাকা। চাঁদপুর নৌ থানার ওসি এ কে এম এস ইকবাল জানান, রোহিঙ্গা যুবক নুরুল আমিনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করার পর বিকেলে গ্রেপ্তারকৃত কে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

ইত্তেফাক/এএম