মুশফিকের আফসোস, বাংলাদেশের স্কোর ২৩৮

আপডেট : ২৮ জুলাই ২০১৯, ১৯:০৩

মাত্র দুই রানের জন্য সেঞ্চুরির দেখা পেলেন না মুশফিকুর রহিম। তাই অপরাজিত ৯৮ রান নিয়ে সন্তুষ্ট থাকতে হলো তাকে। ১১৭ রানে ছয় উইকেট হারিয়ে বিপর্যস্ত বাংলাদেশও উঠে আসে মুশফিকের এই ইনিংসে। সেই সুবাদে ২৩৮ রানের মোটামুটি স্কোর গড়তে সক্ষম হয়েছে বাংলাদেশ। 

শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজে টিকে থাকার লড়াইয়ে আজ রবিবার টস জিতে শুরুতে ব্যাট করতে নামে বাংলাদেশ। ওপেনিংয়ে তামিম-সৌম্য জুটি করেন ২৬ রান। এরপর নুয়ান প্রদীপের বলে এলবিডব্লিউর ফাঁদে পড়েন সৌম্য (১১)। পাঁচ রানের ব্যবধানে উদানার বলে বোল্ড হয়ে তামিমও (১৯)। 

দুই ওপেনার ফিরে গেলে এরপর জোড়া আঘাত হানেন আখিলা ধনঞ্জয়া। দলীয় ৫২ রানে মিঠুন ও মাহমুদউল্লাহকে ফেরত পাঠান তিনি। মিঠুন ১২ রান করলেও দুই অঙ্ক ছুঁতে পারেননি মাহমুদউল্লাহ। দলীয় ৮৮ রানে সাব্বির ফিরেন রান আউট হয়ে। দলীয় ১১৭ রানে ষষ্ঠ ব্যাটসম্যান হিসেবে সাজঘরে ফিরেন মোসাদ্দেক।  

আরও পড়ুন : মিন্নির পক্ষে লড়তে চান খন্দকার মাহবুব

মাত্র ১১৭ রানের মধ্যে ছয় উইকেট হারিয়ে চরম ব্যাটিং বিপর্যয়ে পড়ে বাংলাদেশ। সেখান থেকে মেহেদি হাসান মিরাজকে নিয়ে দলীয় স্কোর দুইশ পার করেন মুশফিক। এরপরই ৪৯ বল থেকে ৪৩ রান করা মিরাজ আউট হয়ে যান। তবে মুশফিক ক্রিজে ছিলেন শেষ পর্যন্ত। যদিও মাত্র দুই রানের জন্য তাকে সেঞ্চুরি বঞ্চিত হতে হয়েছে। ১১০ বল থেকে ছয়টি চার ও একটি ছক্কার মারে মুশফিক দারুণ এই ইনিংস খেলেন। 

লঙ্কান বোলারদের মধ্যে আখিলা ধনঞ্জয়া, নুয়ান প্রদীপ ও ইসুরু উদানা দুটি করে উইকেট নেন। 

এর আগে প্রথম ম্যাচে ৯১ রানে হেরে বাংলাদেশ পিছিয়ে পড়েছে সিরিজে। আজ দ্বিতীয় ওয়ানডে জিততে পারলে সিরিজে টিকে থাকবে তারা। শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের সিরিজে তাই বাংলাদেশের বাঁচা-মরার লড়াই আজ।

ইত্তেফাক/কেআই