নবজাতক চুরির মামলায় জামিনে মুক্তি পেলেন শাহাজাদী ও তার মা

আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১৯:৩১

অবশেষে জামিনে মুক্তি পেয়েছেন ১৩ দিনের নবজাতক কন্যাশিশুর মা শাহাজাদী ও তার মা নার্গিস বেগম। নবজাতক চুরির অভিযোগে গ্রেপ্তার হওয়ার ৮ দিন পর মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) খুলনা মহানগর দায়রা জজ আদালতের বিচারক মো. শরীফ হোসেন হায়দার বিশেষ বিবেচনায় তাদের জামিন মঞ্জুর করেন।

আইনজীবী শেখ রফিকুজ্জামান বলেন, সকালে আদালতের আদেশের অনুলিপি তুলে খুলনা মহানগর দায়রা জজ আদালতে জামিনের আবেদন করা হলে আদালত বিশেষ বিবেচনা এবং বিনা জামানতে তাদের জামিন দেন।

খুলনা কারাগার সূত্রে জানা গেছে, দুপুর পৌনে ২টায় নার্গিস বেগমকে কারাগার থেকে মুক্তি দেওয়া হয়। পরে শাহাজাদীকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের প্রিজন সেল থেকে মুক্তি দেওয়া হয় বিকেল পৌনে ৩টায়।

ঘটনার সূত্রপাত ১১ সেপ্টেম্বর। খুলনার একটি হাসপাতালে পঞ্চম সন্তানের জন্ম দেন ফকিরহাটের শাহাজাদী। তার আগে চার কন্যা সন্তান থাকায় এবার ছেলে সন্তানের আশায় ছিলেন স্বামী সিরাজুল ইসলাম ও তার পরিবার। কিন্তু মেয়ে হওয়ায় স্ত্রীকে হাসপাতালে ফেলে রেখে চলে যান সিরাজুল।

পরিবারের চাপ ও মানসিক দুরবস্থায় ১৫ সেপ্টেম্বর ঘটে অনাকাঙ্ক্ষিত ঘটনা। একই হাসপাতাল থেকে আরেক প্রসূতির চার দিন বয়সী ছেলে নবজাতক চুরি হয়। সিসিটিভি ফুটেজ ও পুলিশের তৎপরতায় শিশুটিকে উদ্ধার করা হয় শাহাজাদীর মায়ের কাছ থেকে।

ঘটনার পর শাহাজাদী ও তার মাকে আসামি করে মানবপাচার আইনে মামলা করে পুলিশ। নার্গিস বেগম দাবি করেন, মেয়ের সংসার বাঁচাতেই তিনি এমন কাজ করতে বাধ্য হন।

জামিনের পর শাহাজাদী সাংবাদিকদের বলেন, আপনারা পাশে ছিলেন বলেই মুক্তি পেয়েছি। কিন্তু আমার শ্বশুরবাড়ি থেকে কেউ কোনো খোঁজ নেয়নি, এতে আমি খুবই ভেঙে পড়েছি। 

এই ঘটনার পেছনে পারিবারিক চাপ, সামাজিক দৃষ্টিভঙ্গি ও নারী নির্যাতনের করুণ চিত্র ফুটে উঠেছে।

ইত্তেফাক/এএম