রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের এয়ারফ্রেইট ইউনিটে বিশেষ অভিযানে বিপুল পরিমাণ আমদানি নিষিদ্ধ সিগারেট স্ট্যাম্প ও মোবাইল ফোনের এলসিডি আটক করেছে ঢাকা কাস্টমস।
সোমবার (২২ সেপ্টেম্বর) বিকালে গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে এসব পণ্য জব্দ করা হয়।
কাস্টমস সূত্র জানায়, এয়ারফ্রেইট আমদানি কার্গো শাখায় দুইটি এয়ারওয়ে বিলের বিপরীতে বন্ড সুবিধায় ঘোষিত পণ্য হিসেবে পেপার লেবেল, গাম টেপ ও লেইস আমদানি দেখানো হলেও এর আড়ালে বিপুল পরিমাণ ঘোষণা বহির্ভূত সিগারেট স্ট্যাম্প ও মোবাইল ফোনের এলসিডি আনা হয়।
অভিযানে ঢাকা কাস্টমসের প্রিভেন্টিভ টিম ৯৬ লাখ পিস সিগারেট স্ট্যাম্প ও ২২২ কেজি মোবাইল ফোনের এলসিডি উদ্ধার করে। ঘোষণায় এগুলোকে গার্মেন্টস এক্সেসরিজ হিসেবে দেখানো হয়েছিল।
কাস্টমস সূত্রে আরও জানা যায়, গাজীপুরের পূবাইল এলাকার আমদানিকারক প্রতিষ্ঠান মাহাদী ফ্যাশন (প্রা. লি.) চীন থেকে প্রায় ৩ টন গার্মেন্টস এক্সেসরিজ আমদানি ঘোষণা করে। তাদের মনোনীত সিএন্ডএফ এজেন্ট সিটি এয়ার লাইনস বিল অব এন্ট্রি দাখিল করলেও, পরস্পরের যোগসাজশে নিষিদ্ধ পণ্য খালাসের চেষ্টা চালানো হয়।
ঢাকা কাস্টমসের যুগ্ম কমিশনার মোহাম্মদ কামরুল ইসলাম বলেন, “গোপন তথ্যের ভিত্তিতে অনুসন্ধান চালিয়ে এসব পণ্য আটক করা হয়েছে। এগুলো খালাস হয়ে বাজারজাত হলে সরকারের প্রায় ৯৪ কোটি টাকা রাজস্ব ক্ষতি হতো।”
এ ঘটনায় আমদানিকারক প্রতিষ্ঠান ও সংশ্লিষ্ট সিএন্ডএফ এজেন্টের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে কাস্টমস কর্তৃপক্ষ।

