ব্যবসায়ীর গুদামে মিললো ৬ হাজার কেজি সরকারি চাল

আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০২৫, ১৫:০০

খালি পড়ে আছে সরকারি লগোযুক্ত চালের বস্তা। পাশেই প্লাস্টিকের বস্তায় দেখা গেল বিপুল পরিমাণ চাল। খোঁজ নিয়ে জানা গেল, এভাবেই রাতারাতি বস্তা পাল্টে ব্যবসায়ীর গুদামে রাখা হয়েছে এসব চাল। সর্বশেষ অভিযান চালিয়ে প্রায় ৬ হাজার কেজি সরকারি চাল জব্দ করে প্রশাসন।

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় সিরাজগঞ্জের কাজীপুর উপজেলা সোনামুখী ইউনিয়নের হরিনাথপুর দিয়ারপাড়া এলাকার মমিন মিয়ার চাতালের গুদামে প্রশাসনের অভিযানে উঠে এসেছে এমন দৃশ্য।

অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ও কাজিপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাঈমা জাহান সুমাইয়া।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার সন্ধ্যায় সেখানে অভিযান চালায় প্রশাসন। এ সময় সরকারি লোগোযুক্ত ১০ বস্তা, ১১৫ টি প্লাস্টিকের বস্তা সরকারি চাল পাওয়া যায়। তাছাড়া ৩০৩টি সরকারি খালি বস্তা পাওয়া যায়। বাজারজাতকরণের জন্য সরকারি বস্তার এসব চাল প্লাস্টিকের বস্তায় নেওয়া হয়েছিল। অভিযানে উদ্ধার হওয়া ১১৫টি বস্তায় ৫০ কেজি করে চাল ছিল। অর্থাৎ মোট উদ্ধার হওয়া চালের পরিমাণ প্রায় ৬ হাজার ২৫০ কেজি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও কাজিপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাঈমা জাহান সুমাইয়া জানান, গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালিত হয়েছে। অভিযান চলাকালে গোডাউনের মালিক মো. আব্দুল মোমিন তালুকদারকে পাওয়া যায়নি। এ ঘটনায় মামলা দায়েরের জন্য সংশ্লিষ্ট থানায় নির্দেশনা দেওয়া হয়েছে।

ইত্তেফাক/এপি