চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনে চূড়ান্তভাবে ৯০৭ জন প্রার্থী নির্বাচনী মাঠে থাকছেন। বুধবার (২৪ সেপ্টেম্বর) ছিল মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন।
এদিন পর্যন্ত ২০ জন প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন। এরমধ্যে কেন্দ্রীয় সংসদে মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন ১১ জন, হল সংসদে প্রত্যাহার করেছেন ৯ জন। আর ত্রুটির কারণে ৪ জনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।
নির্বাচন কমিশনের সদস্যসচিব অধ্যাপক এ কে এম আরিফুল হক সিদ্দিকী জানিয়েছেন, ‘চূড়ান্ত প্রার্থী তালিকা বুধবার রাত ১২টার মধ্যে প্রকাশ করা হবে। তবে ডোপ টেস্টের ফলাফল অনুযায়ী তালিকায় পরিবর্তন আসার সম্ভাবনা রয়েছে।’
তিনি আরও জানান, আজকের মধ্যে কেউ প্রার্থিতার বিষয়ে আপত্তি জানাননি। তবে প্রার্থীদের ডোপ টেস্টের ফলাফল পাওয়ার পর প্রার্থী তালিকায় আবারও পরিবর্তন আসতে পারে।
আগামী ১৫ অক্টোবর সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।
চাকসু নির্বাচন উপলক্ষে পূর্বঘোষণা অনুযায়ী ১২ থেকে ১৬ অক্টোবর পর্যন্ত পরীক্ষা স্থগিত রাখার সিদ্ধান্ত থাকলেও তা সংশোধন করে শুধু ১৫ ও ১৬ অক্টোবর পরীক্ষা স্থগিত থাকবে বলে আজ নতুন বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে ভারপ্রাপ্ত পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক মমতাজ উদ্দিন স্বাক্ষর করেন এবং বিষয়টি নির্বাচন কমিশনের সদস্যসচিব-ও নিশ্চিত করেন।
