এ বছর সারা দেশে ৩৩ হাজার ৩৫৫টি মণ্ডপ ও মন্দিরে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদ ও মহানগর সার্বজনীন পূজা কমিটি।
সংগঠনটি আরও জানায়, গত বছর সারা দেশে ৩১ হাজার ৪৬১টি দুর্গাপূজা হয়েছিল। সেই হিসাবে এবার ১ হাজার ৮৯৪টি দুর্গাপূজা বেশি হচ্ছে।
শুক্রবার (২৬ সেপ্টেম্বর) দুপুরের দিকে রাজধানীর ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদ ও মহানগর সার্বজনীন পূজা কমিটি এক মতবিনিময়ে এসব তথ্য জানিয়েছে। এতে মহানগর সার্বজনীন পূজা কমিটির সভাপতি জয়ন্ত কুমার দেব লিখিত বক্তব্য পাঠ করেন।
লিখিত বক্তব্যে বলা হয়, এবার ঢাকা মহানগরে ২৫৯টি পূজা অনুষ্ঠিত হবে। গত বছর ঢাকা মহানগরে ২৫২টি পূজা হয়েছিল। সেই হিসাবে এবার ঢাকা মহানগরে সাতটি পূজা বেশি হবে।
পূজার সূচি তুলে ধরে লিখিত বক্তব্যে বলা হয়, আগামীকাল শনিবার শারদীয় দুর্গাপূজার বোধন। রোববার মহাষষ্ঠী। সোমবার মহাসপ্তমী। মঙ্গলবার মহাষ্টমী। বুধবার মহানবমী। বৃহস্পতিবার বিজয়া দশমী। সেদিন বেলা তিনটায় ঢাকাসহ সারা দেশে বিজয়ার শোভাযাত্রা বের হবে। এবার দেবীর আগমন গজে, গমন দোলায়।
আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সরকারের সঙ্গে বৈঠক হয়েছে বলে উল্লেখ করা হয় লিখিত বক্তব্যে। এতে বলা হয়, শারদীয় দুর্গাপূজা নিয়ে ইতিমধ্যে স্বরাষ্ট্র উপদেষ্টা ও ধর্ম উপদেষ্টার সঙ্গে আলাদা বৈঠক হয়েছে। বৈঠকে পূজা আয়োজনের নানা দিক আলোচনায় এসেছে। তারা তাদের উদ্বেগ-উৎকণ্ঠার কথা জানিয়েছেন। দুই উপদেষ্টাও সুন্দরভাবে পূজা আয়োজনের কথা তাদের জানিয়েছেন। প্রতিকূল পরিস্থিতি মোকাবিলায় তারা পদক্ষেপ নেওয়ার কথা বলেছেন।
