মিয়া গোলাম পরওয়ার

‘আগামী নির্বাচনে একদিকে চাঁদাবাজ থাকবে অন্যদিকে নতুন বাংলাদেশের ভোটাররা’

আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০২৫, ১৬:২৮

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, ইসলামী দল, রাজনৈতিক দল, আলেম-ওলামা, পীর-মাশায়েখ, স্কলাররা ঐক্যবদ্ধ হচ্ছে। আগামী নির্বাচনে একদিকে থাকবে চাঁদাবাজ, খুনি, মাস্তানরা আর অন্যদিকে থাকবে নতুন বাংলাদেশের ভোটাররা। নতুন বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়নে জামায়াতে ইসলামীর পক্ষে দাঁড়িপাল্লায় ভোট দিতে হবে।

শুক্রবার (২৬ সেপ্টেম্বর) সকালে খুলনার ডুমুরিয়া উপজেলার স্বাধীনতা চত্বরে আয়োজিত ছাত্র ও যুব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

অন্য রাজনৈতিক দলগুলোর প্রতি চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে গোলাম পরওয়ার বলেন, ‘জামায়াত ক্ষমতায় গেলে কোনো এমপি বা মন্ত্রী সরকারি গাড়ি, বাড়ি বা অন্য কোনো সুবিধা নেবে না। পারলে অন্য দলও সেই অঙ্গীকার করুক।’

মিয়া গোলাম পরওয়ার বলেন, কুরআন-সুন্নাহর ভিত্তিতে একটি কল্যাণরাষ্ট্র প্রতিষ্ঠিত হলে জুলুম থাকবে না, ইনসাফ কায়েম হবে। বেকারদের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে। কর্মসংস্থান না দিতে পারলে বেকারদের ভাতা দেওয়া হবে। উৎপাদনমুখী কারিগরি শিক্ষা চালু করা হবে।

এছাড়া ডুমুরিয়ার বিল ডাকাতিয়া এলাকার জলাবদ্ধতা নিরসন ও এলাকায় মিনি স্টেডিয়াম নির্মাণসহ বিভিন্ন উন্নয়ন প্রকল্প হাতে নেয়ার ঘোষণা দেন।

তিনি আসন্ন শারদীয় দুর্গোৎসব নির্বিঘ্নে সম্পন্ন করতে জামায়াতের সহযোগিতার আশ্বাসও দেন।

জামায়াতের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম অভিযোগ করেন, ‘যারা এর আগে দুর্নীতিতে বারবার চ্যাম্পিয়ন হয়েছে, তারা আবারও সেই ধারাবাহিকতায় কাজ শুরু করেছে। বালু চুরি, পাথর চুরি, দুর্নীতি—সবই করছে তারা।’
 
তিনি আরও বলেন, ‘সংস্কারের ব্যাপারে একটি দল বাদে সবাই এক মত হয়েছে। অথচ তারা ভাবছে, ক্ষমতায় গেলে তবেই না সংস্কার করবে!’

এদিন সকাল থেকেই সমাবেশে একের পর এক মিছিল নিয়ে স্বাধীনতা চত্বরে জড়ো হন জামায়াত নেতাকর্মীরা। স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো চত্বর।

সমাবেশে আরও বক্তব্য রাখেন- ইসলামী ছাত্রশিবিরের সভাপতি মুহা. জাহিদুল ইসলাম, জামায়াত নেতা ড. শফিকুল ইসলাম মাসুদ প্রমুখ।

ইত্তেফাক/এমএস