শাবিপ্রবির ২০ শিক্ষার্থীকে আজীবন ও বিভিন্ন মেয়াদে ১৭ জনকে বহিষ্কার

আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০২৫, ১১:৫৭

গত বছরের জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থানে আন্দোলনকারীদের ওপর হামলার ঘটনায় ২০ জনকে আজীবন এবং ১৭ জনকে বিভিন্ন মেয়াদে বহিষ্কার করেছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) প্রশাসন। বহিষ্কৃত সবাই ছাত্রলীগের (নিষিদ্ধ) রাজনীতির সঙ্গে জড়িত ছিল। 

শুক্রবার (২৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় (২৬ আগস্ট) বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মুখলেসুর রহমান। এর আগে বৃহস্পতিবার রাত ১১টায় সিন্ডিকেট সভা শেষে উপাচার্য অধ্যাপক ড. এ এম সরওয়ার উদ্দিন চৌধুরী এ বিষয়ে জানান।   

আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় ১২ জন শিক্ষার্থীকে আজীবন বহিষ্কার করা হয়েছে এবং ৮ জন শিক্ষার্থীকে রুমে অস্ত্র রাখার ঘটনায় আজীবন বহিষ্কার করা হয়েছে। এছাড়া, ২ থেকে ৪ সেমিস্টার করে বহিষ্কার করা হয়েছে ১৭ জনকে। একইসঙ্গে যাদের অভিযুক্ততা প্রমাণিত হয়নি এমন ১৯ জনকে খালাস প্রদান করা হয়েছে ও কয়েকজনকে সতর্ক করা হয়েছে।   

অস্ত্র রাখার অপরাধে খালাস দেওয়ার বিষয়ে প্রক্টর বলেন, অস্ত্রের সম্পৃক্ততার বিষয়ে সাময়িক বহিষ্কার হওয়ার একটা প্রস্তাব এসেছিল। তবে আমরা বিবেচনা করে দেখেছি অনেকে ভর্তি ছিল এক রুমে কিন্তু থেকেছে অন্য রুমে। সেক্ষেত্রে তাদের সাময়িক বহিষ্কার করে দেওয়া হলে, অবিচার হতো। তাই আমরা যাচাই-বাছাই করে তাদেরকে খালাস প্রদান করেছি।

ইত্তেফাক/এসএএস