টেকনাফে ডাকাতকে ছিনিয়ে নিতে র‍্যাবের ওপর হামলা

আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০২৫, ১৬:১৪

কক্সবাজারের টেকনাফে র‍্যাবের অভিযানে খুন, ডাকাতি, অস্ত্র ও মাদকের ১২ মামলার পলাতক আসামি জাহাঙ্গীর আলমকে আটক করার তাকে ছিনিয়ে নিতে র‍্যাবের ওপর হামলা চালিয়েছে তার সহযোগীরা। হামলায় র‍্যাবের কয়েকজন সদস্য আহত হয়েছেন। এ সময় দুই জনকে আটক করে র‌্যাব।

শনিবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন র‍্যাব-১৫ এর সহকারী পুলিশ সুপার আ. ম. ফারুক।

আটক দুইজন হলেন— রোহিঙ্গা ক্যাম্প ২৪ এর মৃত আব্দুল হামিদের ছেলে মো. ছালাম ও হ্নীলার ছৈয়দ নূরের ছেলে মো. আনোয়ার হোসাইন। তাদের হেফাজত থেকে দুইটি লাঠি ও সাতটি ইটের টুকরো জব্দ করা হয়েছে।

তিনি জানান, ২৬ সেপ্টেম্বর বিকেলে র‍্যাব-১৫, সিপিসি-১ এর একটি দল হ্নীলা ইউনিয়নের লেদা এলাকায় অভিযান চালিয়ে জাহাঙ্গীর আলমকে আটক করে। তিনি হ্নীলা লেদা এলাকার মৃত লাল মিয়ার ছেলে।

আটকের সময় জাহাঙ্গীরের চিৎকারে তার সহযোগীরা দলবদ্ধ হয়ে র‍্যাবের ওপর ইট-পাটকেল ও লাঠিসোটা নিয়ে হামলা চালায়। 

তারা রাস্তা ব্যারিকেড দিয়ে আসামিকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। র‍্যাবের কৌশলী হামলাকারীদের মধ্যে দুইজনকে ঘটনাস্থল থেকে আটক করা হয়।

এ ঘটনায় সংশ্লিষ্ট আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে র‍্যাব।

ইত্তেফাক/এমএএস