মুন্সীগঞ্জে বন্ধুদের সঙ্গে পুকুরে গোসল করতে নেমে কলেজ শিক্ষার্থীর মৃত্যু

আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০২৫, ২১:৩৯

মুন্সীগঞ্জের শ্রীনগরে বন্ধুর বাড়িতে বেড়াতে এসে পুকুরের পানিতে ডুবে ইনতেশার ইসলাম আজবী (১৯) নামে এক কলেজ শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। পরে তার মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। শনিবার (২৭ সেপ্টেম্বর) বিকেলে জেলার শ্রীনগর উপজেলার পশ্চিম সিংপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত আজবী ঢাকার মোহাম্মদপুর এলাকার হারুন ইসলামের ছেলে। সে চলতি বছর রাজধানী ঢাকার মোহাম্মদপুর কেন্দ্রীয় কলেজ থেকে এইচএসসি পরীক্ষায় অংশ নিয়েছিল।

স্থানীয়রা জানিয়েছেন, শিক্ষার্থী আজবী উপজেলার পশ্চিম সিংপাড়া গ্রামের বন্ধু মেহরাবের বাড়িতে বেড়াতে এসেছিলো। মেহরাব ওই গ্রামের এমএ লতিফের ছেলে। এদিন বিকেল ৩টার দিকে মেহরাবসহ তিন বন্ধুর সঙ্গে একই গ্রামের বাশার মিয়ার বাগান পুকুরে গোসল করতে নামে সে। এ সময় আকস্মিকভাবে পানিতে ডুবে যায় শিক্ষার্থী আজবী।

শ্রীনগর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার দেওয়ান আজাদ হোসেন জানান, বিকেল সাড়ে ৩টার দিকে খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা পুকুর থেকে শিক্ষার্থীকে উদ্ধার করেন। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ইত্তেফাক/এমএএস