আগুনে পুড়ল ১৮ ঘর, মালামাল বের করতে গিয়ে যুবকের মৃত্যু

আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০২৫, ১৬:৪৬

ময়মনসিংহের ভালুকায় অগ্নিকাণ্ডে ১৮টি ঘর পুড়ে ছাই হয়ে গেছে। এ ঘটনায় রফিকউল্লাহ রহমান (৩৫) নামে এক ব্যক্তি দগ্ধ হয়ে নিহত হয়েছেন। রোববার (২৮ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে উপজেলার জামিরদিয়া গ্রামের কলাবাগান এলাকায় তোফাজ্জলের ভাড়া বাড়িতে এ অগ্নিকাণ্ড ঘটে। 

নিহত রফিকউল্লাহ হালুয়াঘাট উপজেলার বুটিয়াপাড়া গ্রামের সুরুজ্জামানের ছেলে। তিনি স্থানীয় একটি কারখানায় চাকরি করতেন। অগ্নিকাণ্ডের সময় ঘর থেকে মালামাল বের করতে গিয়ে দগ্ধ হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

ভালুকা ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আতিকুর রহমান জানান, একটি গ্যাস রাইজার থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই আগুন চারদিকে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় এক ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে নির্ধারণ করা সম্ভব হয়নি।

তিনি আরও বলেন, ঘর থেকে জিনিসপত্র সরানোর সময় রফিকউল্লাহ আগুনে দগ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান। নিহতের লাশ উদ্ধার করে ভালুকা মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

ইত্তেফাক/এসজেএস/এএম