অতিরিক্ত দামে সার বিক্রি, ডিলারের গুদাম জব্দ

আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০২৫, ১৬:৪৮

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার লাহিড়ী বাজারে অতিরিক্ত দামে সার বিক্রি করায় বিএডিসি সার ডিলার অজিত কুমার রায়ের গুদামে অবশিষ্ট সার ও প্রয়োজনীয় কাগজপত্র জব্দ করেছে উপজেলা কৃষি বিভাগ।

শনিবার (২৭ সেপ্টেম্বর) বিকালে অনুপম বীজ ভান্ডারের মালিক অজিত কুমার রায় সরকারি নির্ধারিত দামের চেয়ে বেশি দামে কৃষকদের কাছে টিএসপি, পটাশ ও ডিএপি সার বিক্রি করেন। কৃষকরা বিষয়টি উপজেলা কৃষি কর্মকর্তা তামান্না ফেরদৌসকে অবগত করলে তিনি সরেজমিনে গিয়ে অনিয়মের প্রমাণ পান।

কৃষক মফিজুর রহমান জানান, একটি টিএসপি সারের বস্তা ১,৬০০ টাকায় কিনতে হয়েছে তাকে অথচ সরকারি মূল্য ১,৩৫০ টাকা। উপস্থিত একাধিক কৃষক অভিযোগ করেন, টিএসপি, পটাশ ও ডিএপি সারের সরকারি মূল্য ৩,৪০০ টাকা হলেও ডিলার তাদের কাছ থেকে ৩,৭০০ টাকা নিয়েছেন। এসময় কৃষকরা অতিরিক্ত আদায়কৃত টাকা ফেরত এবং ডিলারের ডিলারশিপ বাতিলের দাবি জানান।

উপসহকারী কৃষি কর্মকর্তা আতাউর রহমান বলেন, বেশি দামে সার বিক্রির অভিযোগ সত্য প্রমাণিত হয়েছে। উপজেলা কৃষি কর্মকর্তা অবগত আছেন এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

উপজেলা কৃষি কর্মকর্তা তামান্না ফেরদৌস জানান, আমি গুদাম পরিদর্শনে গিয়ে অনিয়ম দেখেছি। বিধিমোতাবেক তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

ইত্তেফাক/এসজেএস/এএম