পবিপ্রবির প্রকৌশলীর বিরুদ্ধে লক্ষাধিক টাকার টাইলস আত্মসাতের অভিযোগ

আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০২৫, ১৯:২৬

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) তত্ত্বাবধায়ক প্রকৌশলী ইঞ্জিনিয়ার মো. ইউনুছ শরীফের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ের মালামাল আত্মসাতের অভিযোগ উঠেছে। জানা গেছে, চলতি বছরের ২৬ সেপ্টেম্বর, দুর্গাপূজার ছুটিকালে ক্যাম্পাস ফাঁকা থাকার সুযোগে প্রকৌশল দপ্তরের সামনে রাখা প্রায় লক্ষাধিক টাকার টাইলস তিনি সরিয়ে নেন।

বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, ওই দিন দুপুর আড়াইটায় ইউনুছ শরীফ তার দপ্তরের এক কর্মকর্তার সহায়তায় প্রায় ৫২০টি টাইলস কোনো অনুমতি ছাড়াই সরিয়ে ফেলেন। বিষয়টি প্রকৌশল দপ্তরের সিসিটিভি ক্যামেরায় ধরা পড়ে। এ সংক্রান্ত ভিডিও ও স্থিরচিত্র প্রতিবেদকের হাতে রয়েছে।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. আবুল বাশার খান বলেন, উপাচার্য মহোদয় আমাকে বিষয়টি তদন্তের দায়িত্ব দেন। আমি সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলি, কিন্তু টাইলসের সংখ্যা ও গন্তব্য নিয়ে তাদের বক্তব্যে অসঙ্গতি পাই। এখনো মালামাল ফেরত আসেনি বা কর্তৃপক্ষকে বুঝিয়ে দেওয়া হয়নি।

এ ঘটনায় ব্যাপক সমালোচনা তৈরি হয়েছে। এর আগে ২০২১ সালে ইউনুছ শরীফের বিরুদ্ধে ৫৩ লাখ ৫০ হাজার টাকা আত্মসাতের অভিযোগ প্রমাণিত হয়েছিল। তিনি সে সময় একাধিক প্রকল্পের দরপত্রে জালিয়াতি ও ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে অর্থ আত্মসাৎ করেন। সে সময় তাকে জেলহাজতে পাঠানো হয় ও বিশ্ববিদ্যালয় থেকে সাময়িক বরখাস্ত করা হয়। পরবর্তীতে তিনি আত্মসাৎকৃত অর্থ সরকারি কোষাগারে ফেরত দেন।

বর্তমানে ৪৫১ কোটি টাকার একটি উন্নয়ন প্রকল্প চলমান থাকায় তিনি ‘প্রকল্প পরিচালক (পিডি)’ পদ দখলের চেষ্টায় রয়েছেন বলে অভিযোগ উঠেছে। 

বর্তমান পিডি মো. ওবায়দুল হক জানান, ইউনুছ শরীফ দীর্ঘদিন ধরে আমাকে হুমকি ও ভয়ভীতি দেখাচ্ছেন। আমি একাধিকবার বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে লিখিত অভিযোগ দিয়েছি। অভিযুক্ত ইউনুছ শরীফের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্টরা মনে করছেন, পূর্বের দুর্নীতির পুনরাবৃত্তি এবং প্রশাসনের নিরবতা বিশ্ববিদ্যালয়ের সুশাসনকে প্রশ্নবিদ্ধ করছে। এ বিষয়ে দ্রুত তদন্ত ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছেন শিক্ষক-শিক্ষার্থী ও সচেতন মহল।

ইত্তেফাক/আরজেড/এএম