জরুরি অবতরণের পর জাতিসংঘের হেলিকপ্টার দখল করল সোমালিয়ার সন্ত্রাসীরা

আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০২৫, ২০:০৩

সোমালিয়ায় জাতিসংঘের ভাড়া করা একটি হেলিকপ্টার জরুরি অবতরণের পর দখল করেছে সন্ত্রাসী গোষ্ঠী আল-শাবাবের যোদ্ধারা। সোমবার (২৯ সেপ্টেম্বর) স্থানীয় কুলমিয়ে রেডিওর বরাত দিয়ে এ খবর জানিয়েছে সোমালি গার্ডিয়ান।

প্রতিবেদন অনুসারে, কারিগরি ত্রুটির কারণে হেলিকপ্টারটি মধ্য গালগাদুদ অঞ্চলের সন্ত্রাস-নিয়ন্ত্রিত এলাকা হিন্দেরে অবতরণ করে। প্রাথমিক প্রতিবেদনে ইঙ্গিত দেওয়া হয়েছে, যদ্ধারা এটির ক্রু এবং পণ্যসম্ভারের নিয়ন্ত্রণ নিয়েছে।

হেলিকপ্টারের নিবন্ধন নম্বর, আরোহীর সংখ্যা এবং পণ্যসম্ভারের প্রকৃতি এখনো অজানা। প্রাথমিক প্রতিবেদনে বলা হয়েছে, হেলিকপ্টারটি হিরান অঞ্চল থেকে উইসিল অঞ্চলের দিকে যাচ্ছিল।

সোমালিয়ার স্থানীয় সংবাদ্মাধ্যমটি উল্লেখ করেছে, ২০২৪ সালের জানুয়ারিতে জাতিসংঘের ভাড়া করা একটি বিমান প্রায় একই জায়গায় ল্যান্ডিং করেছিল। পরবর্তীতে ক্রুরা নিখোঁজ হয়ে যায় এবং তাদের অবস্থান এখনো অজানা।

ইত্তেফাক/এসকে